কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষকদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত নয় এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। টানা আন্দোলনের ২২ দিনের মাথায় গতকাল সোমবার মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
এত দিন রাস্তায় থাকার পরও সরকার সাড়া না দেওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ জানান।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। সংগঠনের সভাপতি এশারত আলী গতকাল প্রথম আলোকে বলেন, দাবি পূরণে সরকার থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এমপিওভুক্তির দাবিতে প্রথমে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষক-কর্মচারী। ৩০ অক্টোবর প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন। কিন্তু ৪ নভেম্বর নাগরিক সমাজের অনুরোধে তাঁরা অনশন ভেঙে প্রেসক্লাবের সামনের ফুটপাতে বসে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করছেন।
এশারত আলী বলেন, বর্তমানে সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত নয় এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় আট হাজার। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী আছেন প্রায় ১ লাখ ২০ হাজার।