সকাল ১০টা থেকে উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মীদের জটলা বাড়তে থাকল। তবে একত্রে নয়, দুই পক্ষে মুখোমুখি অবস্থান নিয়ে। এক পক্ষ আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদা বেগমের পক্ষে, অন্যরা ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মতিউর রহমান মোল্লার অনুসারী।
বেলা ১১টার দিকে মোল্লার অনুসারীরা পলিশের বাধা উপেক্ষা করে কেন্দ্রের ভেতরে ঢুকে পড়লেন। জয়বাংলা স্লোগান দিয়ে তাঁরা প্রতিটি বুথে গিয়ে ব্যালটে সিল মেরে বাক্সে ভরতে লাগলেন।
মিনিট পনেরো পর মাহমুদা বেগমের নেতৃত্বে আরেকটি অংশ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এরপর দুই প্রতিপক্ষ প্রতিযোগিতা করে সিল মারতে লাগল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হলো ধস্তাধস্তি। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা বাধা দিতে গেলে তাঁরাও আক্রমণের শিকার হলেন। আহত হলেন প্রিসাইডিং কর্মকর্তা ও বিএএফ শাহিন কলেজের শিক্ষক মাজহারুল ইসলাম। তিনি চোখে মারাত্মক আঘাত পান। পাঁচজন পোলিং এজেন্ট এবং কমপক্ষে ২০ জন ভোটারও ওই ওই হামলায় আহত হন। একপর্যায়ে দুই পক্ষ বুথ থেকে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের বের করে দেয়।
পরিস্থিতি দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের দিকে এগোতে থাকলে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে সক্রিয় হয়। তারা প্রথমে বাঁশি বাজিয়ে ও পরে লাঠি উঁচিয়ে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে দুই পক্ষের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
পুলিশ মতিউর রহমানের অনুসারীদের সমর্থন দিচ্ছে এই অভিযোগ করেন মাহমুদা বেগম, তার স্বামী শামিম আহমেদ ও ভাই মাহবুব আলী রানা। এই নিয়ে তাঁদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পুলিশ একপর্যায়ে তাঁদের মারধর শুরু করে। তাঁদের অনুসারীদের বেধড়ক পিটুনি দেয়। ওই ঘটনায় শামিম আহমেদ, রানাসহ পাঁচজনকে আটক করে পুলিশ। গতকাল রাত নয়টা পর্যন্ত তাঁদের কাফরুল থানায় আটকে রাখা হয়েছে বলে মাহমুদা বেগম জানিয়েছেন।
ওই ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকেরা দুই পক্ষেরই রোষের শিকার হন। পুলিশ একজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবিগুলো নষ্ট করে ফেরত দেয়। দুজন সাংবাদিককে পুলিশ কেন্দ্র থেকে বের করে দেয়।