কাফরুলে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকা থেকে গতকাল শামীম আহমেদ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার মহিষামারি গ্রামে। পরিবারের সদস্যরা বলছেন, শামীম আত্মহত্যা করেছেন। শামীম পূর্ব কাজিপাড়ার ইটখোলা বাজার এলাকার ৯ নম্বর রোডের ২৮১ নম্বর বাড়িতে মা ও ছোট বোনকে নিয়ে থাকতেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল রোববার বেলা ১১টার দিকে বাসাটিতে গিয়ে শামীমের লাশ তাঁর কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারকে উদ্ধৃত করে এসআই বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শামীম বাসায় ফিরলে মা ও বোন তাঁকে রাতের খাবারের জন্য টেবিলে আসতে বলেন। শামীম বলেন পরে খেয়ে নেবেন। মা ও বোন দুজনই ঘুমিয়ে পড়েন। পরে সকালে উঠে দেখেন খাবার টেবিলেই রয়ে গেছে। এরপর শামীমের কক্ষের দরজা ধাক্কা দিলেও তাঁর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।