কাফরুলে দুর্বৃত্তের গুলিতে বিএনপির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে গতকাল মঙ্গলবার দুর্বৃত্তের গুলিতে আবদুর রাকিব (৩৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে রাকিব স্থানীয় কবীর হোসেন নামের একজনকে নিয়ে মিরপুর ১৩ নম্বর ভাষানটেক আমানত সমিতিসংলগ্ন বালুর মাঠে যান। এ সময় কয়েকজন যুবক অতর্কিত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। রাকিবের বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবীর হোসেন মুঠোফোনে জানান, তিনি ও রাকিব বালুর মাঠে হাঁটছিলেন। তিনি ছিলেন একটু সামনে। হঠাৎ গুলি ও চিৎকার শুনে তিনি পেছন ফিরে দেখেন, রাকিবকে গুলি করে দুই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনা শুনে হাসপাতালে যান কাফরুল থানা বিএনপির সভাপতি আলী আজগর মাতব্বরসহ স্থানীয় নেতারা। আলী আজগর সাংবাদিকদের বলেন, রাকিব ৯৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ভাষানটেক চার নম্বর বস্তির বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করতেন। তিনি বলেন, ঘটনার পেছনে দলীয় কোনো কোন্দল নেই। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে। নিহত রাকিব পরিবারের সঙ্গে পশ্চিম ভাষানটেক এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়।