কাফরুলে ধর্ষণের পর কিশোরীকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানা এলাকায় মাজেদা আক্তার (১৫) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। পরিবার জানায়, গতকাল বুধবার কচুক্ষেতে তাদের ঘরে মাজেদা ও তাদের প্রতিবেশী মজিবরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাজেদাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, মজিবর ধর্ষণের পর শ্বাসরোধ করে মাজেদাকে হত্যা করেছে। পুলিশ বলছে, ডাক্তারি পরীক্ষা ছাড়া এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না। মজিবর কেন অচেতন হয়েছিল সেই বিষয়েও কিছু জানা যায়নি।
নিহত মাজেদা স্থানীয় দামালকোট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সম্প্রতি রাজধানীতে একের পর এক ধর্ষণের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার উত্তরায় এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করে কলেজপড়ুয়া তরুণীকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
নিহত মাজেদার ভাই কবীর হোসেন প্রথম আলোকে বলেন, কচুক্ষেতের হাবিবুল্লাহ রোডে একটি টিনশেড দোতলা বাসায় ভাড়া থাকেন তাঁরা। গতকাল সকালে প্রতিদিনের মতো তিনি ও তাঁর স্ত্রী মহিমা পোশাক কারখানার কাজে চলে যান। তাঁর মা সুফিয়া বেগম গৃহকর্মী হিসেবে বাসাবাড়িতে কাজ করেন। তিনিও সকালে বের হয়ে যান। বেলা ১১টার দিকে সুফিয়া ঘরে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। মাজেদাকে ডেকেও কোনো সাড়া মিলছিল না। এরপর সুফিয়া ঘরের জানালা দিয়ে দেখেন, বিছানায় পড়ে আছে মাজেদা ও মজিবর। সাড়ে ১১টার দিকে বাসার দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। মাজেদার গলায় কালো দাগ দেখা গেছে। প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া ২টার দিকে মাজেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, আরও আগেই মেয়েটি মারা গেছে।
চিকিৎসকেরা জানান, ধর্ষণের বিষয়টি স্পষ্ট নয়। তবে সন্দেহ করার মতো কিছু আলামত ওই কিশোরীর দেহে ছিল। আর মজিবর পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম গতকাল বিকেলে বলেন, ঘটনাটি এখনো স্পষ্ট হয়নি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। মজিবর নামে বিছানায় পড়ে থাকা ওই ব্যক্তি নিহত মাজেদার প্রতিবেশী। মজিবর পেশায় স্যানিটারি মিস্ত্রি।
তবে পরিবারের সদস্যরা বলছেন, ধর্ষণ ও হত্যার পরে হাতেনাতে ধরা পড়ার ভয়ে মজিবর অচেতন হওয়ার ভান করতে পারে।