কাফরুলে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার কচুক্ষেতে গতকাল শুক্রবার বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই এমরান হোসেন ওরফে মিঠু (২২)। কামরাঙ্গীরচরে স্বামীর নির্যাতনে গৃহবধূ সালমা বেগমের (২৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত এমরানের পারিবারিক সূত্র জানায়, সিবি ১৪৩/১, পুরাতন কচুক্ষেতে এমরানদের ছয়তলা বাড়ি রয়েছে। এমরানেরা দুই ভাই, কোনো বোন নেই। বড় ভাই ইলিয়াস কাঞ্চন ওরফে মুন তৃতীয় তলায় যৌথভাবে থাকতেন। এমরান শোবার ঘরের পাশের বাথরুমে কমোড স্থাপন করেন। এ নিয়ে ইলিয়াস গতকাল বেলা পৌনে তিনটার দিকে ছোট ভাইয়ের সঙ্গে তর্কে লিপ্ত হন এবং একপর্যায়ে এমরানের উরুতে ছুরিকাঘাত করেন। এমরানকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ছোট ছেলের মৃত্যুতে এমরানের মা মঞ্জু বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘ভাইয়ে-ভাইয়ে ঝগড়া লাগলেও মা হয়ে বড় ছেলেকে আমি থামাতে পারলাম না। চোখের সামনেই আমার বুকের ধন শেষ হয়ে গেল।’কাফরুল থানার অপারেশন কর্মকর্তা মো. আরশেদুল হক প্রথম আলোকে জানান, কয়েক মাস আগে এমরানদের বাবা হাজি ইসমাইল হোসেন মারা যাওয়ার পর বাড়ির ফ্ল্যাটগুলোর ভাড়ার টাকা ইলিয়াস ও এমরান ভাগ করে নিতেন। গতকাল ভাড়ার টাকা ভাগাভাগি ও কমোড বসানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছুরিকাঘাতে এমরানের ডান উরুর রগ কেটে যায় এবং ঘটনাস্থলে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে তাঁর মৃত্যু হয়।আরশেদুল হক জানান, ঘটনার ব্যাপারে এমরানের স্ত্রী সাদিয়া আক্তার বাদী হয়ে ইলিয়াসকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পরপরই ইলিয়াস পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গৃহবধূর মৃত্যু: গৃহবধূ সালমা স্বামী নূরে আলমের সঙ্গে কামরাঙ্গীরচর বিদ্যুৎ অফিস-সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালমাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে সালমার ভাই কামাল হোসেন অভিযোগ করেন, দুই লাখ টাকা যৌতুক না পেয়ে নূরে আলম, তাঁর বোন ও ভাগনি সাত-আট দিন আগে সালমাকে বেধড়ক পেটান এবং দেয়ালের সঙ্গে তাঁর মাথা ঠুকে দেন। খবর পেয়ে তাঁরা সালমাকে ওই বাসা থেকে এনে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করান। অবস্থার কিছুটা উন্নতি হলে সালমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কর্মচারী কোয়ার্টারে তাঁর (কামাল) বাসায় নেন। গতকাল সকালে অবস্থার অবনতি হলে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তাঁর বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সালমার দুই শিশুসন্তান তাঁর বাসায় আছে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া হবে।