কাফরুলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে গত বুধবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরন্নবী ওরফে রাশেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।র্যাব জানিয়েছে, তিনি চিহ্নিত সন্ত্রাসী। মুরগি রাশেদ নামে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।র্যাব সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা জানতে পারেন, কয়েকজন সন্ত্রাসী কাফরুল এলাকায় অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল পূর্ব কাফরুলে মা ড্রাই ক্লিনার্সের সামনে এসে কয়েকজন অজ্ঞাতনামা যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাঁরা যুবকদের চ্যালেঞ্জ করে গ্রেপ্তারে উদ্যত হলে যুবকেরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এরপর স্থানীয় এক নৈশপ্রহরী ও কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে এসে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পুলিশ তাঁকে কাফরুল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং পেশাদার চাঁদাবাজ ভাঙারি খোরশেদের সহযোগী বলে শনাক্ত করে। গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তল, দুটি ককটেল ও একটি খালি গুলির খোসা উদ্ধার করে।র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানায় মুরগি রাশেদের নামে হত্যা, চাঁদাবাজি, বোমাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।