কাফরুলের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ৪
রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির ওরফে টিপু, শহীদুল হক, জাকির হোসেন ও আবদুস সালাম।
গতকাল শুক্রবার গভীর রাতে পূর্ব শেওড়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদের উল্টো পাশে দেলোয়ার হোসেনের বাড়ির প্রধান ফটক ভেঙে ডাকাতির চেষ্টা চালায় দর্বৃত্তরা।
অভিযান পরিচালনাকারী কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলীর নির্দেশে বায়তুস সালাম জামে মসজিদের উত্তর পাশে ওয়াসা পাম্পের একতলা ভবনে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পাম্পের যন্ত্রচালক হুমায়ুন কবির ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়। এখানে হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসে।
ওসি কাজী ওয়াজেদ আলী আরও বলেন, ওয়াসা পাম্পটি সিলগালা করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের গলিতে রাতে একদল যুবক মাদক সেবন করে ও পাশের পাম্পের ভেতরে বসে জুয়া খেলে। ওই ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।