কাফে কর্নারের মুচমুচে ক্রাম্ব চপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেয়ারাকে ফরমাশ করার মিনিট দশেকের মধ্যেই টেবিলে আসে ধোঁয়া-ওঠা মুচমুচে ‘ক্রাম্প চপ’। সঙ্গে আছে বিলেতি কেতার ছুরি-কাঁটা। পাশে দুটো কৌটায় বাদামি সিরকা আর গোলমরিচ গুঁড়ো। একটা ছোট স্টিলের প্লেটে টক-ঝাল লেবু-মরিচ-শসার সালাদ। গরম গরম চপের সঙ্গে এই সালাদ আর সিরকাটা খুব মানিয়ে যায়।

পুরান ঢাকার পুরোনো খাবার দোকান কাফে কর্নারে দেখা মিলবে এই ক্রাম্ব চপের। খাসির মাংসের এ চপটি এ দোকানের সবচেয়ে জনপ্রিয় পদ। এর স্বাদ নিতে হলে যেতে হবে বাংলাবাজার পার হয়ে প্যারীদাস রোডের পথে। লালকুঠির ঠিক আগের মোড়ে হাতের বাঁ দিকের ছোট্ট দোকানটিই কাফে কর্নার। একেবারে পথের এক কোনায় বলেই বোধ হয় নামটা এমন।

১৯৬১ সালে কাফে কর্নারের যাত্রা শুরু। দোকানে ঢুকে মনে হতে পারে, কোনো সাদাকালো ছবির ফ্রেমে ঢুকে গেছেন। ছয়-সাতটা টেবিল আর লোহার রডের চেয়ারগুলো যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সাদা প্লাস্টিক বোর্ডের ওপর নীল হরফের মূল্য তালিকা হলদে হয়ে এসেছে। ক্রাম্ব চপের নাম এখানে লেখা আছে ‘ক্রাম্প চপ’। পাশাপাশি ফিশ ফ্রাই, চিংড়ি ফ্রাই, কিমা-আলুর চপ, কাটলেট, চিকেন ফ্রাই এসবও পাওয়া যায় কাফে কর্নারে। দাম ১০-১০০ টাকার মধ্যে।

কাফে কর্নার আকারে ছোট হলেও এককালে এর খাবারের কদর ছিল বড় বড় মানুষের কাছে। ষাট-সত্তরের দশকে এখানে শামসুর রাহমান, বেলাল চৌধুরী, ফতেহ লোহানীসহ নামীদামি কবি-সাহিত্যিকদের আড্ডা জমত।

খাবারের টানে এখনো ছুটে আসেন পুরোনো খদ্দেররা। সম্প্রতি সেখানে গিয়ে কথা হয় তৌহিদুল ইসলামের সঙ্গে। গুলশানের এই বাসিন্দা প্রায়ই আসেন এখানে। বললেন, ‘আমি এটাকে ক্রাইম চপ বলি।’ ‘কেন?’ ‘ক্রাম্ব চপ একটা খেলে মন ভরে না, আর দাম বেড়ে যাওয়ায় দুটো খাওয়া হয় না। এত মজার জিনিসের দাম বাড়াটা ক্রাইম। তাই এটা ক্রাইম চপ।’

প্রৌঢ় মিজানুর রহমানও এসেছিলেন বন্ধু মনিরুজ্জামান ভূঁইয়াকে সঙ্গে নিয়ে। শ্রীশদাস রোডের এই বাসিন্দা জানালেন প্রায় ৪০ বছর ধরে কাফে কর্নারে আসছেন। তাঁর সবচেয়ে পছন্দের খাবারের নাম জানতে চাইলে বললেন, ‘অবশ্যই ক্রাম্ব চপ। তবে এর দাম এখন খুব বেড়ে গেছে তাই কম খাওয়া হয়। আর এদের ফিশ ফ্রাই, সকালের নাশতার লুচি-ডালও খুব ভালো।’

কাফে কর্নার শুরু হয়েছিল নিবারণ ঘোষের হাত ধরে। ঘোষ পরিবার দেশ ছেড়ে চলে গেলে ১৯৯৫ সালে দোকানটির মালিকানা হাতবদল হয়। তবে ব্যবসা বদল হয়নি। বর্তমান মালিক সোলায়মান জানালেন, পুরোনো মেন্যুটি জনপ্রিয় হওয়ায় তিনি আর তাতে কোনো পরিবর্তন করেননি। সোলায়মানের কাছ থেকে জানা গেল, ক্রাম্ব চপের দাম শুরু হয়েছিল প্রতিটি ১০ আনা থেকে যা এখন ১০০ টাকায় গিয়ে ঠেকেছে। বললেন, ‘এখন খাসির মাংসের কেজি ৭০০ টাকা। তাই দাম বাড়াতে হয়েছে। আমরা সবচেয়ে ভালো মানের মাংসটা ব্যবহার করি।’ টিপু সুলতান রোডের একটি বিশেষ দোকান থেকে এ ক্রাম্ব চপের মাংস আসে বলে জানালেন সোলায়মান। সে দোকানে মাংসের দামটা একটু বেশি।

কাফে কর্নারে ক্রাম্ব চপের চল শুরু করেছিলেন দোকানটির প্রথম রাঁধুনি জোসেফ গোমেজ। তাঁর কাছ থেকে কাজ শিখে এখন ‘কারিগর’ বা রাঁধুনি হিসেবে আছেন জন গোমেজ। ২৬ বছর ধরে এখানে কাজ করছেন জন। একফাঁকে ক্রাম্ব চপের রেসিপিটাও জানা গেল তাঁর কাছ থেকে।

জন বললেন, প্রথমে খাসির মাংসের কিমার সঙ্গে মরিচ-পেঁয়াজ-ধনেপাতা-পুদিনাপাতাকুচি মিশিয়ে সিরকায় অন্তত ২৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে ডিমে চুবিয়ে খুব করে বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে। এ জন্যই তো নাম হয়েছে ক্রাম্ব চপ। সবশেষে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলতে হবে। পুরো রেসিপি জানিয়ে জন মুচকি হেসে বললেন, ‘রান্নাবান্নার কাজ অনেক দিনের প্র্যাকটিসের (চর্চার) ব্যাপার, বাসায় করলে এই টেস্ট পাওয়া যাইবো না।’ শুনে হতাশ হতে হয়। কিন্তু যাঁর এমন হাতযশ, এতটুকু গর্ব তাঁর সাজে।