কাবা শরিফে জুমার নামাজ আদায়ের অপেক্ষায় হজযাত্রীরা

বাংলাদেশ থেকে প্রায় ৮০ হাজার হজযাত্রী এরই মধ্যে সৌদি আরবে এসে পৌঁছেছেন। হজের আগে এটাই শেষ শুক্রবার। পরের শুক্রবারে হজযাত্রীরা মিনায় অবস্থান করবেন। তাই বাংলাদেশ থেকে আসা বেশির ভাগ হজযাত্রী জীবনে প্রথমবারের মতো আজ মক্কায় কাবা শরিফে জুমার নামাজ আদায় করবেন। অনেকে জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন।
আর কয়েক দিন পর হজ। এ উপলক্ষে মক্কা হয়ে উঠেছে বিশ্বনগর। নানান ভাষা-বর্ণের মানুষ, কিন্তু সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর এই মেহমানদের খেদমতে সৌদি সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি হজযাত্রীদের খাবারদাবার উপহার দিচ্ছেন। স্থানীয়ভাবে একে সাবিল (ফি সাবিলিল্লাহ বা আল্লাহর ওয়াস্তের সংক্ষিপ্ত রূপ) বলা হয়।
এক মিনিটে মস্তক মুণ্ডন: চুল কাটা বা মাথা মুণ্ডনের কোনো প্রতিযোগিতা হলে মক্কার জমজম টাওয়ারের নিচতলা ও মারওয়া গেটের কাছের সেলুনগুলোর নাপিতেরা নিশ্চিত এগিয়ে থাকবেন। বিশেষ করে পাকিস্তানি নাপিতেরা অস্বাভাবিক দ্রুততায় চুল কাটতে এবং মস্তক মুণ্ডন করতে পারেন। কেউ কেউ এক মিনিটে বা এরও কম সময়ে মস্তক মুণ্ডন করে দেন। এসব সেলুনে অনেক বাংলাদেশি নাপিতও আছেন। মস্তক মুণ্ডনে খরচ ১০ রিয়াল। তবে হজ কাছে এলে ২০ রিয়াল পর্যন্ত নেওয়া হয়।
সৌদি আরবে ঈদ ১২ সেপ্টেম্বর: খালিজ টাইমস জানায়, সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল শনিবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখ ১২ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।