কাবা শরিফে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৌদি আরবের স্থানীয় সময় তখন সকাল ১০টা। গতকাল শুক্রবার ওই সময়েই স্রোতের মতো মুসল্লিরা ছুটছিলেন পবিত্র মসজিদুল হারামের দিকে। নারী-পুরুষ-শিশু—সবাই জুমার নামাজ আদায় করতে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা হুইলচেয়ারে করে রওনা হয়েছেন মসজিদের দিকে।
পরিচিত বেশ কয়েকজন হজযাত্রী বলেছেন, সকালে ফজরের নামাজ আদায় করে পবিত্র কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করছিলেন তাঁরা। আগেভাগে যাওয়ায় তাঁদের অনেকে প্রথম কাতারে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই হাঁটা ছাড়া উপায় নেই। শুক্রবার এখানে ছুটির দিন। তাই গত বৃহস্পতিবার সন্ধ্যার পরই মক্কা ও এর আশপাশের এলাকা থেকে মসজিদুল হারামের উদ্দেশে রওনা হন অনেকে। প্রবাসীরা এটা বেশি করেন। জুমার নামাজ আদায়ের পর তাঁরা দেশ থেকে পবিত্র হজ পালন করতে আসা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কর্মস্থলে ফেরেন।
পবিত্র হজ পালন করতে মক্কায় সমবেত হওয়া বিশ্বের বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে।
কয়েক বছর ধরে মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়ানো। কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ—সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। মিসফালাহ এলাকার (কবুতরের মাঠ) অনেক বাড়িঘর ভেঙে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেই সব খালি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি।
খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়।
কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর ঢাকার পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার শাহিন আকতার বলেন, ‘এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ তিনি স্বামীসহ পবিত্র হজ পালন করতে এসেছেন।
মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলেছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। নারীদের ব্যাগ তল্লাশি করেছেন নারী নিরাপত্তাকর্মীরা।
ফেরার পথে কথা হলো গাজীপুরের শ্রীপুর থেকে আসা আল মামুনের সঙ্গে। তিনি বললেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে।’
জুমার নামাজ শেষে জানাজার নামাজ হয়। একসঙ্গে ১২ জনের জানাজার নামাজও পড়েছি। এঁদের মধ্যে একজন বাংলাদেশি হজযাত্রী, ইহরামের কাপড় পরা। প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে গেলেন। পবিত্র কাবা শরিফে জুমার নামাজ শেষে লাখ লাখ মুসল্লি শরিক হলেন তাঁর জানাজায়। কবর হবে পবিত্র মক্কার মাটিতে।
নামাজ শেষে এক কিলোমিটার হাঁটার পর যাও গাড়ির দেখা মিলল, গাড়িচালক ভাড়া চাইলেন দ্বিগুণ।
জেদ্দা বিমানবন্দর সূত্র বলেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮০ হাজার ৬৯৭ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩৯০ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন।
প্রতিদিন হজযাত্রীদের ছবি, মৃত হজযাত্রীর নাম, পরিচয় ও তথ্য হালনাগাদ করা হয়।