কাবা শরিফে লাখো মুসল্লির জুমা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প বি ত্র হ জ
প বি ত্র হ জ

সৌদি আরবের স্থানীয় সময় তখন সকাল ১০টা। জুমার নামাজ শুরু হতে দুই ঘণ্টা বাকি। স্রোতের মতো মুসল্লিরা মসজিদুল হারামের দিকে ছুটছেন। নারী-পুরুষ-শিশু সবাই অজু-গোসল সেরে নামাজ আদায় করতে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা হুইলচেয়ারে মসজিদের দিকে রওনা হয়েছেন।
নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই হাঁটা ছাড়া কোনো উপায় নেই। শুক্রবার এখানে ছুটির দিন। তাই বৃহস্পতিবার সন্ধ্যার পরই মক্কা ও এর আশপাশের এলাকা থেকে মসজিদুল হারামের উদ্দেশে রওনা হন মুসল্লিরা। তবে এটা প্রবাসীদের মধ্যেই বেশি। জুমার নামাজ পড়ার পাশাপাশি তাঁরা দেশ থেকে হজ পালন করতে আসা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কর্মস্থলে ফেরেন।
পবিত্র হজের ১০ দিন আগে মক্কায় সমবেত হওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে।
এ বছর মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়ানো। কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ—সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। মিসফালাহ এলাকার (ঢাকা হোটেল, কবুতরের মাঠ) অনেক বাড়িঘর ভেঙে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেই সব খালি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।

খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়। খুতবায় বলা হয়, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাঁরা বড়ই ভাগ্যবান। হজের প্রতিদানস্বরূপ আল্লাহ তাঁদের জান্নাত দান করবেন।

কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর মুসল্লি আলাউদ্দিন আহমেদ বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় জামাতে জুমার নামাজ আদায় করলাম। এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ ঢাকার মানিকদী বাজারের বাসিন্দা আলাউদ্দিন আহমেদ হজ পালন করতে এসেছেন। হজ করতে আসা আরও অনেক বাংলাদেশির নামাজ আদায়ের পর অনুভূতিও ছিল এমন।

মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলেছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। নারীদের ব্যাগ তল্লাশি করেছেন নারী নিরাপত্তাকর্মীরা।

মক্কায় কড়া নিরাপত্তাব্যবস্থা: হজ উপলক্ষে মক্কার চারপাশ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন মক্কায় ঢুকতে পাসপোর্ট অথবা আকামা (কাজের অনুমতিপত্র) দেখাতে হয়। পথেঘাটে চলছে তল্লাশি। তাই সঙ্গে পরিচয়পত্র রাখতে হয়।

কাবা শরিফের নিরাপত্তার জন্য এর ভেতরে ও বাইরে অসংখ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তা যন্ত্রপাতি বসানো আছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে ও পোশাক পরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মসজিদের প্রবেশপথে ও ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। মসজিদের ভেতরে চিকিৎসাসেবা কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং বাইরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স রাখা আছে।

দিন-রাত অসংখ্য মানুষ কাবা শরিফে তাওয়াফ করছেন। ভিড়ের কারণে কেউ পথ হারালে তাঁকে গন্তব্যে পৌঁছে দেন মক্কার স্থানীয় লোকজন। বাংলাদেশ হজ মিশনের কর্মীরাও হাজিদের সাহায্য করছেন।

জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ৭০ হাজার ৬৪৫ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৫৩ জন এবং অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন।