কাবা শরিফে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মক্কা থেকে
মক্কা থেকে

সৌদি আরবের স্থানীয় সময় তখন সকাল ১০টা। জুমার নামাজ শুরু হতে দুই ঘণ্টা বাকি। স্রোতের মতো মুসল্লিরা মসজিদুল হারামের দিকে ছুটছেন। নারী-পুরুষ-শিশু সবাই অজু-গোসল সেরে নামাজ আদায় করতে যাচ্ছেন। অসুস্থ বা দুর্বল ব্যক্তিরা হুইলচেয়ারে মসজিদের দিকে রওনা হয়েছেন। 
পরিচিত বেশ কয়েকজন হজযাত্রী বলেছেন, সকালে ফজরের নামাজ পড়ে কাবা শরিফের কাছাকাছি অপেক্ষা করেছিলেন তাঁরা। তাঁদের অনেকে প্রথম কাতারে ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করতে পেরেছেন। নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই হাঁটা ছাড়া কোনো উপায় নেই। শুক্রবার এখানে ছুটির দিন। তাই বৃহস্পতিবার সন্ধ্যার পরই মক্কা ও এর আশপাশের এলাকা থেকে মসজিদুল হারামের উদ্দেশে রওনা হন মুসল্লিরা। তবে এটা প্রবাসীদের মধ্যেই বেশি। জুমার নামাজ পড়ার পাশাপাশি তাঁরা দেশ থেকে হজ পালন করতে আসা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কর্মস্থলে ফেরেন।
পবিত্র হজের আগে শেষ জুমায় মক্কায় সমবেত হওয়া বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান গতকাল শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে। ফেরার পথে কথা হলো হাজিদের সরকারি গাইড হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি বললেন, ‘এত বড় জামাতে জুমার নামাজ আদায় করেছি। শুকরিয়া জানাই আল্লাহর কাছে। এভাবে হজের কাজগুলোও যেন ভালোভাবে আদায় করতে পারি।’
নামাজ শেষে এক কিলোমিটার হাঁটার পর যা-ও গাড়ির দেখা মিলল, গাড়িচালক ভাড়া চাইলেন দ্বিগুণ।
কয়েক বছর মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছে। তাই বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়ানো। কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ—সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। মিসফালাহ এলাকার (কবুতরের মাঠ) অনেক বাড়িঘর ভেঙে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেই সব খালি স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।
খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়। খুতবায় বলা হয়, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাঁরা বড়ই ভাগ্যবান। হজের প্রতিদানস্বরূপ আল্লাহ তাঁদের জান্নাত দান করবেন।
কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর কামরুন নাহার বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় জামাতে জুমার নামাজ আদায় করলাম। এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
ঢাকার কলাবাগানের বাসিন্দা কামরুন নাহার। হজ পালন করতে এসেছেন। তিনি জানালেন, ‘আগামী শুক্রবার আরাফাতে অবস্থান করব। আরাফাতের দিন এমনিতে দোয়া কবুলের দিন, একই সঙ্গে শুক্রবার।’
মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করেছে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি মিলেছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। নারীদের ব্যাগ তল্লাশি করেছেন নারী নিরাপত্তাকর্মীরা।