কাবাডির লড়াকু মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা সড়ক থেকে নেমে কাঁচা রাস্তায় যেতে হবে এক কিলোমিটার। রিকশা, ভ্যান বা গাড়িতে যাওয়ার উপায় নেই। কেননা, চারটি স্থানের রাস্তা বন্যায় ভেঙে গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সৈয়দপুর নামের প্রত্যন্ত গ্রাম এ কারণে এখন আরও প্রত্যন্ত। এই গ্রামের বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ে গেলে অবাক হয়ে যেতে হয়। স্কুলের মাঠে একদল মেয়ে দুই দলে ভাগ হয়ে কাবাডি খেলছে। স্কুলটির কাবাডি দল জাতীয় স্কুল পর্যায়ে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। একবার নয়, পরপর তিনবার।

জেলা, বিভাগ ও রাজধানীর স্কুলগুলোকে পেছনে ফেলে অজপাড়াগাঁর একটি স্কুল কীভাবে এতটা এগিয়ে গেল, তা জানতে গত ২৯ অক্টোবর পা রেখেছিলাম ওই বিদ্যালয়ে। তখন দুপুর সাড়ে ১২টা। মেয়েরা তখনো বিদ্যালয়ের মাঠে কাবাডি খেলছে। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন শরীরচর্চা শিক্ষক সাজ্জাদ হোসেন।

বছির উদ্দিন উচ্চবিদ্যালয় দলে ১২ জন খেলোয়াড়। সবাই দরিদ্র পরিবারের সন্তান। কারও বাবা রিকশাচালক, কারও বাবা কৃষক,
কারও বাবা দিনমজুর। ভালো জামাকাপড় দূরের কথা, দুবেলা খাবারই জোটে না অনেকের। ১২ খেলোয়াড়ের মধ্যে দুজন নবম শ্রেণিতে সব বিষয়ে ‘এ প্লাস’ পেয়েছে।

স্কুলের কাবাডি দল প্রথম সাফল্যের মুখ দেখে ২০১৫ সালে। ওই বছরের ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় তারা। দিনাজপুরে অনুষ্ঠিত ওই খেলায় তারা যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়কে ৩৮-২২ পয়েন্টে হারায়।

একবার চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়দের মধ্যে বিজয়ী হওয়ার প্রত্যয় তৈরি হয়। সেই প্রত্যয় নিয়ে ২০১৬ সালে কুমিল্লায় অনুষ্ঠিত ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতায় তারা অংশ নেয়। এবারও চ্যাম্পিয়ন। তাদের প্রতিপক্ষ ছিল খাগড়াছড়ির মহালছড়ি মডেল পাইলট উচ্চবিদ্যালয়। এবার তারা দলটিকে আরও বড় ব্যবধানে ৪২-২৫ পয়েন্টে হারায়।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে যশোরে। বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের মেয়েরা এবার ৩৬-১৬ পয়েন্টে কুমিল্লার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়কে হারায়।

সরিষাবাড়ীর সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের কাবাডি দলের খেলোয়াড়দের অনুশীলন। ছবি: প্রথম আলো
সরিষাবাড়ীর সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের কাবাডি দলের খেলোয়াড়দের অনুশীলন। ছবি: প্রথম আলো

১২ অদম্য

কাবাডি দলের খেলোয়াড়েরা হচ্ছে অধিনায়ক সুমাইয়া আক্তার, সহ-অধিনায়ক বাসনা আক্তার, সদস্য সাদিয়া আক্তার, আছিয়া খাতুন, সোনিয়া আক্তার, ঋতু আক্তার, আমির্তি আক্তার, লিমা আক্তার, সুমি আক্তার, বিথি আক্তার, তানজিনা খাতুন ও রিনা খাতুন।

এদের মধ্যে সাদিয়া আক্তারের পরিবারের থাকার ঘর পর্যন্ত নেই। চাচার ঘরে থাকে সে। মা অন্ধ। বাবা ঢাকা শহরে রিকশা চালান। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার কিছুদিন পর ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিল সে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোচ তাকে ঢাকা থেকে বুঝিয়ে-শুনিয়ে স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন।

বাসনা, সাদিয়া ও সুমি জাতীয় দলের হয়ে খেলে দেশের জন্য সুনাম বয়ে আনাকে জীবনের লক্ষ্য করেছে। তারা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়। তানজিনা ও লিমা হতে চায় পুলিশের বড় কর্মকর্তা। বিথি, আমির্তি ও আছিয়া সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চায়।

দলের অধিনায়ক সুমাইয়া আক্তারের বাবা একজন কৃষক। সুমাইয়া বলে, ‘আমাদের দুঃখ একটাই—স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই। খেলার মাঠটিও নিচু। আমার আবেদন, রাস্তাটি ও খেলার মাঠটি মাটি কেটে উঁচু করে দেওয়া হোক।’

দশম শ্রেণির ছাত্রী সহ-অধিনায়ক বাসনা আক্তারের বাবা হাটবাজারে জিলাপি বিক্রি করেন। বাসনা নবম শ্রেণিতে জিপিএ-৫ পেয়েছে। সে বলে, ‘টুর্নামেন্টের জন্য প্রস্তুতির সময় প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতাম। এরপর হালকা নাশতা খেয়ে টানা তিন ঘণ্টা প্র্যাকটিস। দুপুরের খাবারের পর বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবার প্র্যাকটিস।’

দশম শ্রেণির ছাত্রী বিথি খাতুনের বাবা কৃষিকাজ করেন। নবম শ্রেণিতে সে-ও জিপিএ-৫ পেয়েছে।

নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার বলে, ভালো কিছু করার আশাই তাদের এই ধারাবাহিক সাফল্যের মূলমন্ত্র।

অধ্যবসায় আর জয়ের আকাঙ্ক্ষা

মেয়েদের এই ধারাবাহিক সাফল্যের পেছনে স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, তাঁর স্ত্রী শারমিন রহমান, শরীরচর্চা শিক্ষক সাজ্জাদ হোসেন ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কোচ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন মজুমদার। তাঁরা বলেন, এই মেয়েরা দেখিয়ে দিয়েছে, শুধু সাহস আর পরিশ্রম দিয়ে শত বাধা পেরিয়ে যাওয়া যায়।

প্রধান শিক্ষক আতাউর রহমান শুরুতে ছিলেন শরীরচর্চার শিক্ষক। তিনি ২০০২ সালে তাঁর এলাকায় স্কুলটি স্থাপন করেন। শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে থাকেন। ২০১৫ সালের শুরুর দিকে তাঁর মনে হয়, বাংলাদেশ ক্রিকেট খেলায় অনেক এগিয়ে গেছে। অথচ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির ব্যাপারে কেউ উৎসাহ দেখায় না। এ খেলায় বাংলাদেশের তেমন সাফল্য নেই। ২০১৫ সালের ১১ জানুয়ারি তিনি ক্লাস শুরুর আগে সমাবেশে ছাত্রীদের কাছে জানতে চান, কারা কাবাডি খেলতে আগ্রহী। ছাত্রীরা বলে, মেয়েরা কীভাবে কাবাডি খেলবে? তিনি মেয়েদের উদ্বুদ্ধ করতে শুরু করেন। ৪০ জন মেয়ে খেলার জন্য আবেদন করে। অনেক যাচাই-বাছাইয়ের পর ১২ জনকে নির্বাচন করা হয়।

আতাউর রহমান বলেন, ‘প্রথমে উপজেলা পর্যায়ে খেলে আমার খেলোয়াড়েরা জয়ী হলো। পরে জেলা পর্যায়ে। এরপর বিভাগীয় পর্যায়ে খেলার জন্য চলে গেলাম ঢাকায়। ঢাকায় যাওয়ার আগে চ্যালেঞ্জ ছিল বড়। মেয়েদের দিনে আট ঘণ্টা অনুশীলন করাতাম। ঢাকায় চারটি দলের সঙ্গে মেয়েরা খেলল। এভাবে আমার দল ২০১৫ সালে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়। এরপর এলাকার অনেকেই আমাকে বলল, তোমাদের দল তো ভালো খেলে, ওদের জাতীয় পর্যায়ে বিজয়ী করা যায় কি না, তা চেষ্টা করে দেখতে পারো। পরামর্শটা আমার মনে ধরল। তাই গ্রামে ফিরে মেয়েদের বললাম, তোমাদের আর বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই। তোমরা এখানে বিদ্যালয়ের একটি কক্ষে খাবে এবং থাকবে।’

২১ দিন টানা অনুশীলনের পর দিনাজপুরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নামল বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের মেয়েরা। সেখানে প্রতিটি দলকে প্রায় অর্ধেক পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। তাদের সামনে কেউ এলে দাঁড়াতেই পারেনি।

ফিরে এসে চলতে থাকে পরের টুর্নামেন্টের প্রস্তুতি। প্রথম ছয় মাস প্রতি বৃহস্পতি ও শুক্রবার চলে অনুশীলন। এরপর তিন মাস বিদ্যালয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা। এই অধ্যবসায়ের ফলাফল পরপর তিনবার শিরোপা জয়।

সামনে আরও বড় লড়াই

প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘২০১৭ সালে যশোরে চূড়ান্ত পর্বের খেলায় আমাদের খেলোয়াড় বাসনা আক্তারের ক্ষিপ্রতা দেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে “বাংলার টাইগার” উপাধি দেন। ওই বছর চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার পর সরিষাবাড়ী রেলস্টেশনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার লোক খেলোয়াড়দের সংবর্ধনা দেয়।’

কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনসুর আলী বলেন, ‘ওই স্কুলের মেয়েরা তিনবার চ্যাম্পিয়ন হয়ে আমার ইউনিয়নের সুনাম বাড়িয়েছে। আমি এই খেলোয়াড়দের সব ধরনের সহায়তা করব।’

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর মনে করেন, এই খেলোয়াড়দের আলোয় জামালপুর জেলা আলোকিত হয়েছে।

প্রধান শিক্ষক বলেন, তাঁর দলের খেলোয়াড়েরা কিছুদিনের মধ্যেই বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) দলের বিপক্ষে খেলবে। এরপর তারা জাতীয় দল, বাংলাদেশ পুলিশ, বিমান, নৌ ও সেনাবাহিনীর নারী দলের খেলোয়াড়দের সঙ্গে খেলতে চায়।

খেলোয়াড়দের তত্ত্বাবধানকারী ও প্রধান শিক্ষকের স্ত্রী শারমিন রহমান বলেন, স্কুলের সামর্থ্য অল্প। সরকার সাহায্য-সহযোগিতা না করলে প্রশিক্ষণ, খেলা চালিয়ে যাওয়া কঠিন হবে।

চূড়ান্ত পর্যায়ে খেলার আগে তিনবার খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কোচ জাহাঙ্গীর হোসেন মজুমদার। তিনি বলেন, এই দলের খেলোয়াড়দের জাতীয়ভাবে প্রশিক্ষণ দিতে পারলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা রয়েছে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম]