কাবিখা কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়নের শর্ত হিসেবে প্রতি ঘনমিটার মাটি কাটার জন্য শ্রমিকদের দুই কেজি ৪৮৯ গ্রাম করে চাল দেওয়ার বিধান থাকলেও প্রকল্পের চেয়ারম্যানরা চাল বিক্রি করে শ্রমিকদের নগদ অর্থ দিয়ে মজুরি পরিশোধ করছেন। প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় ২০১২ সালের ৫ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলায় ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। চলতি বছরের ৮ জানুয়ারি উপজেলা সমন্বয় কমিটির সভায় এই ১২০ টন চাল বণ্টন করা হয়। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ২০ টন ও পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দেওয়া হয় ১০০ টন চাল। পিআইও কার্যালয়ের অফিস সহকারী মোন্নাফ হোসেন জানান, ১২০ টন চালের বিপরীতে উপজেলায় ১৬টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প বাস্তবায়নের শর্ত হিসেবে প্রতি ঘনমিটার মাটি কাটার জন্য শ্রমিকদের দুই কেজি ৪৮৯ গ্রাম করে চাল দিতে হবে। কোনো অবস্থাতেই চাল বিক্রি করে টাকায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাবে না। প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড টাঙাতে হবে। কুর্শা ইউনিয়নের গলাকাটার মোড় হতে কাচুবাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য সাত টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।৫ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, প্রকল্পটিতে কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি। রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক সামছুল হক বলেন, ‘চাল চাইলে মেমঞ্চার কয় সরকার টাকা বরাদ্দ দিছে।’ এই প্রকল্পের চেয়ারম্যান মোরসালিন বলেন, ‘কোনো প্রকল্পের চেয়ারম্যানই তো শ্রমিকদের চাল দিয়া রাস্তার কাজ করায় না। তাহলে আমি চাল দিব কেন?’ আলমপুর ও সয়ার ইউনিয়নের দুটি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁরা প্রত্যেকেই প্রতিদিন পাঁচ-ছয় ঘনমিটার মাটি কাটেন। পাঁচ ঘনমিটার মাটি কাটলে প্রতিদিন ১২ কেজি ৪৪৫ গ্রাম চাল পাওয়ার কথা। প্রতি কেজি চালের দাম ২৮ টাকা করে হলে ১২ কেজি ৪৪৫ গ্রাম চালের দাম হয় ৩৫০টাকা। সেখানে প্রত্যেক শ্রমিককে ১৫০ থেকে ১৬০ টাকা করে দেওয়া হচ্ছে। ওই দুই প্রকল্পের চেয়ারম্যানরা জানান, বিনা মজুরিতে তাঁরা শ্রমিকদের দিয়ে মাটি কাটাচ্ছেন না। চালের পরিবর্তে শ্রমিকদের ১৭৫ থেকে ১৮০ টাকা করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারাগঞ্জের পিআইও রেফাউল আজম জানান, এ ব্যাপরে লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।