কাবিখা কর্মসূচিতে শ্রমিকের পরিবর্তে বোমা মেশিন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি গুচ্ছগ্রাম (সিভিআরপি) প্রকল্পের মাটি ভরাটের কাজ পাথর তোলার কাজে ব্যবহূত বোমা মেশিন দিয়ে করা হচ্ছে। অর্থ আত্মসাৎ করার জন্য এলাকার দরিদ্র শ্রমিকদের নিয়োগ না দিয়ে প্রকল্পের চেয়ারম্যান বোমা মেশিন ব্যবহার করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
পাটগ্রাম উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে কাবিখার আওতায় জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি গুচ্ছগ্রাম প্রকল্পের মাটি ভরাটের জন্য ৬৭ দশমিক ৮০৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের প্রথম কিস্তির ১৬ মেট্রিক টন চাল গত ১২ ফেব্রুয়ারি উত্তোলন করা হয়। আর ১৩ মার্চ দ্বিতীয় কিস্তির ১৫ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়।
২ এপ্রিল প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, ধরলা নদী ঘেঁষা বালুচর এলাকার দুই একর ৫০ শতাংশ সরকারি খাসজমিতে বাংলাবাড়ি গুচ্ছগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সেখানে প্রকল্পের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড নেই। বালুচরের সীমানাতেই একটি বোমা মেশিন লাগিয়ে বালু ফেলে প্রকল্প ভরাটের কাজ করা হচ্ছে। সেখানে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
বোমা মেশিনের মালিক ইয়াছিন আলী জানান, প্রথম দিকে দুটি মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়। এখন একটি মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করেন, জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোমা মেশিন দিয়ে কাজ করে প্রকল্পের পুরো অর্থই আত্মসাৎ করার চেষ্ট করছেন। তিনি শ্রমিকদের ভুয়া কাগজপত্র দাখিল করে প্রকল্পের বরাদ্দ তুলে নিচ্ছেন। প্রথম দিকে অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করালেও তাঁদের চাল না দিয়ে নগদ অর্থ দেওয়া হয়েছে।
প্রথম দিকে প্রকল্পের কাজে যোগ দেওয়া এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হামরা আগোত ৪০ দিনের মাটির কাজ করিছিন। এলা বন্ধ হইছে। প্রথম দিকে মনে করছিনু কাজ-কাম নাই, বসি আছি, এটে মাটির কাজ করলে কিছুদিন হয়তো কাজ করি পেটের ভাত হতো। হরদেখি এলা হামাক দিয়ে মাটি না তুলি মেশিন দিয়া তুলেছে বাহে। এইটা আবার কোন কথা।’
জানতে চাইলে জগতবেড় ইউপির চেয়ারম্যান এবং ওই প্রকল্পের চেয়ারম্যান নবিবর রহমান বলেন, দূরত্বের কারণে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে। শ্রমিক দিয়ে কাজ না করানো বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন, এখানে আরও প্রায় ৩০টি পরিবারের জন্য ৪২ লাখ টাকা দিয়ে বাড়ি করানো হবে।
পিআইও কাজী নুরল হক বলেন, বাংলাবাড়ি গুচ্ছগ্রাম প্রকল্পটির মাটির কাজ শ্রমিক দিয়ে করার নির্দেশ রয়েছে। প্রকল্পের মেয়াদ ১৬ মার্চ শেষ হয়েছে বিধায় প্রকল্পটি আর পরিদর্শন করা হয়নি। তবে বরাদ্দের আরও দুটি কিস্তি রয়েছে। প্রকল্পে সাইনবোর্ড লাগানোর জন্য প্রকল্প চেয়ারম্যানকে বলা হয়েছে।