কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কামাল উদ্দিন নামের এক ব্যক্তি এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ১ নম্বর ওয়ার্ডের আমডাঙ্গা তিনমাথা বটতলা থেকে ওয়াপদার সেতু পর্যন্ত রাস্তা মেরামতের কাজের জন্য কাবিখা প্রকল্পের ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ থাকলেও কোনো কাজ না করেই চেয়ারম্যান সরফরাজ উদ্দিন এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফফর রহমান তা আত্মসাৎ করেন। এদিকে চণ্ডীপুর তেঁতুলপাড়া পিচের রাস্তা থেকে খালের সেতু পর্যন্ত রাস্তা মেরামতের কাজের জন্য প্রকল্পের আট মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ না করেই ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু ছিদ্দিক তা আত্মসাৎ করেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘ষোল আনা কাজ কেউই করতে পারবে না, কম-বেশি হবেই।’ তিনি দাবি করেন, আশপাশের যেকোনো ইউনিয়নের তুলনায় তাঁর ইউনিয়নে বেশি কাজ হয়েছে।লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে পিআইও জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাটির তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।