কাবিখা প্রকল্পের চালে ব্যক্তির জায়গা ভরাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের চাল দিয়ে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে প্রায় তিন শতক জমির ওপর একটি ছোট গর্ত ভরাটের জন্য গত ডিসেম্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে কাবিখা প্রকল্পের ১২ টন চাল বরাদ্দ নেন ওই ইউপির চেয়ারম্যান মো. হানিফ মিয়া। মাত্র পাঁচ ফুট গভীর তিন শতক জায়গা ভরাটের পর পাশের আরও তিন-চারজনের জায়গা ভরাট করেন তিনি। এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তবে বিদ্যালয়ের গর্ত ভরাট করার জন্য কাবিখার ১২ টন চাল বরাদ্দ নিয়ে এলেও এ বিষয়ে তাঁদের কাউকেই কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া অভিযোগের বিষয়ে বলেন, বিদ্যালয়ের জায়গাটুকু ভরাট করতে হলে পাশের জায়গাও ভরাট করতে হবে বলে ওই জায়গা ভরাট করা হয়েছে। আর বিদ্যালয়ের জায়গা ভরাটের জন্য কমিটির কোনো জানার বিষয় নেই। টাকা বেশি নেওয়া হলে ফেরত দেওয়া হবে।