কাবিখা প্রকল্পের সাইনবোর্ড টাঙানো হচ্ছে না যে কারণে
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে জানানো ও কাজের স্বচ্ছতার জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর জন্য সরকারের নির্দেশনা রয়েছে। কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলতি বছর বাস্তবায়নাধীন ৭৪টি প্রকল্পের কোনোটিতেই সরকারের এ নির্দেশনা পালন করা হয়নি। প্রকল্পগুলোয় বড় ধরনের ঘাপলা করার উদ্দেশ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কৌশল নিয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এ উপজেলার ১২টি ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ৬০টি প্রকল্পের বিপরীতে এক কোটি ১৯ লাখ টাকা এবং ১৪টি প্রকল্পের বিপরীতে ১৯৮ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা গমের সরকারি মূল্য ৪৩ লাখ আট হাজার ৮৭৬ টাকা।এলাকাবাসীর অভিযোগ, সাইনবোর্ড টাঙানো থাকলে মানুষ জানতে পারে এলাকায় কী কাজ হচ্ছে, কতটুকু হচ্ছে। কিন্তু শিবগঞ্জে জনগণের চোখ ফাঁকি দিয়ে কাজ নয়-ছয় করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের জন্য সাইনবোর্ড না টাঙানোর কৌশল নেওয়া হয়েছে। এ ছাড়া সাইনবোর্ড তৈরির জন্য যে বরাদ্দ রয়েছে, সেটাও হাতিয়ে নেওয়া হবে বলে তাঁরা অভিযোগ করেন।উপজেলার শহরতলি বাসস্ট্যান্ড থেকে নারায়ণপুর শিতলীতলা সেতু পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্প এলাকার কোথাও কোনো সাইনবোর্ড নেই।প্রকল্প বাস্তবায়নের সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সাইনবোর্ড না টাঙানো সম্পর্কে বলেন, ‘গত ৩১ মার্চ থেকে মাটি কাটা শুরু করেছি। দু-এক দিনের মধ্যে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা করব।’আলাদীপুর চানমুয়ার বাড়ির পাশে পাকা সড়ক থেকে হুদাবালা খয়বরের বাড়ি হয়ে সাদুল্লাপুর কালীমন্দির পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ হয়েছে। সেখানে গিয়েও কোনো সাইনবোর্ড দেখা যায়নি।প্রকল্পের সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ববিতা বিবি বলেন, ‘আমি কিছু জানি না। চেয়ারম্যান সাহেবকে বলেন। তিনি সব জানেন।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সাইনবোর্ডগুলোর লেখা সময়মতো সম্পন্ন হয়নি। তবে অচিরেই প্রকল্প এলাকাগুলোয় সাইনবোর্ড টাঙানো হবে। তা না হলে আর কোনো টাকা বা খাদ্যশস্য বরাদ্দ হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, প্রথম কিস্তির টাকা বা খাদ্যশস্য দেওয়ার আগে সাইনবোর্ড টাঙানোর বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি টাঙানো হয়েছে বলে জানিয়েছিলেন। তার পরও সাইনবোর্ড টাঙানো না হলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।