কাবিখার কাজ নিয়ে বিবাদ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাবিখার কোনো কাজ না থাকলেও ‘কাইজ্যা’ ঠিকই আছে। তারাকান্দা উপজেলা পরিষদের এক সভায় কাবিখা প্রকল্পের কাজ করানো নিয়ে গত সোমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে বিবাদ হয়।
একপর্যায়ে উভয়েই লোকজন খবর দিয়ে সভাস্থলে নিয়ে আসেন। পরে দুই পক্ষে হট্টগোল শুরু হলে প্রশাসন ও অন্য চেয়ারম্যানদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তারাকান্দা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে (প্রথম পর্যায়) ফুলপুর উপজেলায় গত ১ ডিসেম্বর ২৮৪ দশমিক ৭৯ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নবগঠিত তারাকান্দা উপজেলায় ১২ ডিসেম্বর ১৪৬ দশমিক ৩৫ মেট্রিক টন খাদ্যশস্য উপ-বরাদ্দ দেয় জেলা প্রশাসন। বরাদ্দ দেওয়ার ৫০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজ শুরুই হয়নি।
গত সোমবার কাবিখার কাজ শুরু করার লক্ষ্যে তারাকান্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১০ ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এক সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেখ আলাউদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, কাবিখার কাজ ইউনিয়নওয়ারি বণ্টন নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন এবং তারাকান্দার ইউপি চেয়ারম্যানের মধ্যে প্রকল্প নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয়েই সভাস্থলে তাঁদের লোকজন এনে হট্টগোল শুরু করেন।
তারাকান্দার ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘কাবিখার প্রকল্প নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমার বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রাকিব তালুকদার মুঠোফোনে ১০-১৫ জন লোক ডেকে আনেন। এ সময় আমিও এলাকার কয়েকজনকে ডেকে সভাস্থলে নিয়ে আসি।’
ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন বলেন, ‘প্রকল্পের কাজ করানোর বিষয়ে আমি কয়েকটি এলাকার নাম প্রস্তাব করলে চেয়ারম্যান তা মেনে নেননি। পরে বিষয়টি আপস-মীমাংসা হয়েছে।’
অস্থায়ী চেয়ারম্যান শেখ আলাউদ্দিন বলেন, ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে বলে দেওয়া হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর বলেন, বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে। তারাকান্দায় অতিরিক্ত দায়িত্বে থাকা ফুলপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, উপজেলায় এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি।