কাবিখার কাজে অনিয়ম
নরসিংদীর শিবপুর উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের নামে কাবিখার ৩৮টি প্রকল্পে ২৭০ মেট্রিক টন চাল দেওয়া হয়। এর বেশির ভাগেরই কাজ শুরু হয়নি। কয়েকটির সামান্য কাজ হয়েছে। ভুয়া প্রকল্প দাখিল করে আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, শিবপুর পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মাঠ ভরাট, ঈদগাহ মাঠ ভরাট, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের নামে গত অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের ২৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব বরাদ্দ উত্তোলনের শেষ তারিখ ছিল গত ৩০ জুন। গত বুধ ও বৃহস্পতিবার ২০টি প্রকল্পের এলাকায় গিয়ে দেখা যায়, ১৫টিতে কোনো কাজ হয়নি। বাকি পাঁচটিতে ৩০ শতাংশ কাজ হয়েছে। জয়নগর ইউনিয়নের কামরাব উচ্চবিদ্যালয়ের উন্নয়ন ও মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০ মেট্রিক টন চাল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘আমার এখানে মাঠে কোনো মাটি ভরাট হয়নি।’ একই কথা বলেন শিবপুর পৌর এলাকার শিবপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে কোনো বরাদ্দ আছে কি না, আমার জানা নেই।’ নাম প্রকাশ না করে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শেষ সময়ে এসে নেতা-কর্মীরা অনেকটা বেপরোয়া হয়ে পড়েছেন। তাঁরা কাবিখার চাল যে যাঁর মতো নিয়ে গেছেন। প্রকল্প বাস্তবায়নের কোনো খবর নেই। এ ব্যাপারে শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুস সাত্তার খান বলেন, এটা সরকারের শেষ সময়। কাজে তো কিছুটা অনিয়ম হতেই পারে। ইউএনও মুনিরা বেগম বলেন, ‘বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়নি বলে আমি অভিযোগ পেয়েছি। জেলা পর্যায় থেকে গত মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন।’ স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঞা বলেন, ‘যাঁরা প্রকল্পের দায়িত্বে ছিলেন, তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেছেন। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনিনি।’