কাবিখার গম বেচে টাকা নিলেন আ.লীগ নেতারা!
রংপুরের পীরগাছায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির একটি প্রকল্পে বরাদ্দ দেওয়া আট মেট্রিক টন গম বিক্রি করে সেই টাকা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের কাজ না করে এভাবেই গম বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলায় কাবিখার ১১টি প্রকল্পের বিপরীতে ৯০ মেট্রিক টন খাদ্যশস্য (গম) বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ভরাট ও উন্নয়নের জন্য এ প্রকল্পের আওতায় আট মেট্রিক টন খাদ্যশস্য (গম) বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পটির চেয়ারম্যান কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামছুল আলম সরকার।প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দ দেওয়া আট মেট্রিক টন গম ভুয়া ভাউচারের মাধ্যমে উঠিয়ে লক্ষাধিক টাকায় বিক্রি করা হয়েছে। পরে ওই টাকা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ৩০ জুন ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে এক কোদাল মাটিও ফেলা হয়নি। পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘এ বিদ্যালয়ের মাঠ ভরাটের কোনো কাজ করা হয়নি।’ প্রকল্পের চেয়ারম্যান শামছুল আলম সরকার বলেন, ‘আমি দলীয় চাপের কারণে প্রকল্পের কাজ করতে পারিনি। এ প্রকল্পের অর্থ দলীয় নেতা-কর্মীদের মূল্যায়নে (দলের জন্য কে কী কাজ করেছেন) ব্যয় করা হবে বলে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।’কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান জানান, আগে থেকেই দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, কাজ না করেই প্রকল্পের অর্থ দিয়ে নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার বলেন, ‘কাজ দ্রুত করার তাগিদ দিয়ে সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এর পরও কাজ করা না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’