কাবিখার টাকা ইউপি চেয়ারম্যান ও সদস্যের পকেটে!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) একটি প্রকল্পের খাদ্যশস্য বিক্রির সিংহভাগ টাকা আত্মসাতের ঘটনার সত্যতা মিলেছে। ওই ঘটনায় গঠন করা তদন্ত কমিটি গত ১৮ জুলাই ঘটনাস্থলে গিয়ে এ কাজে অনিয়মের সত্যতা পায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পশ্চিম) ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ধড্ডা মাজার রাস্তা সংস্কারের জন্য ২০০৯-১০ অর্থবছরে আট টন চাল ও আড়াই টন গম বরাদ্দ দেওয়া হয়। নামমাত্র সংস্কারকাজ করে প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লা ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা (পিআইও) আবু বকর ছিদ্দিকের যোগসাজশে এ প্রকল্পের জন্য বরাদ্দ করা চাল ও গম বিক্রির সিংহভাগ টাকা আত্মসার্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাজারে আট টন চালের দাম এক লাখ ২৫ হাজার এবং আড়াই টন গমের দাম ৩৫ হাজার টাকা। চাল ও গম বিক্রি করে মোট এক লাখ ষাট হাজার টাকা পাওয়ার কথা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটিলা (পশ্চিম) ইউনিয়নের একজন বাসিন্দা ওই ইউনিয়নের একটি রাস্তা নির্মাণের জন্য কাবিখা প্রকল্পে বরাদ্দ দেওয়া সাড়ে দশ টন খাদ্যশস্য বিক্রির টাকা আত্মসাতের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। এ অভিযোগ তদন্ত করার জন্য জুলাই মাসে উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মুন্সীকে দায়িত্ব দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী প্রথম আলোকে বলেন, ‘গত রোববার সরেজমিনে ইউএনওর প্রতিনিধি যুবউন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন ও উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আরিফ মাহমুদের উপস্থিতিতে প্রকল্পভুক্ত ওই রাস্তায় ১৭০০ বর্গফুট কাজ হয়েছে বলে শনাক্ত করি। এখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকার মাটি ফেলা হয়েছে।’প্রকল্প কমিটির সভাপতি হাবিবুর রহমান মোল্লা বলেন, ‘রাস্তাটির ওপর আমি ৮০ হাজার টাকার মাটি ফেলেছি। বাকি টাকা দূর থেকে মাটি আনা ও অন্যান্য খাতে খরচ হয়েছে।’পিআইও আবু বকর ছিদ্দিক বলেন, ‘রাস্তার কাজ যতটুকু দরকার ততটুকু করেছি।’ উপজেলার চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার জানান, তদন্ত প্রতিবেদন পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।