কাবিখার ৮৭টি প্রকল্পেই সাইনবোর্ড টাঙানোহয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি কাজ শুরুর আগেই প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাঙানোর সরকারের নির্দেশনা থাকলেও বগুড়ার শিবগঞ্জে ৮৭টি প্রকল্পের কোনোটিতেই তা মানা হয়নি।

জানা গেছে, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার, তথ্য জানার অধিকার নিশ্চিত করতে ও কাজের স্বচ্ছতার জন্য কাবিখা ও কর্মসংস্থান প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর জন্য সরকারের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা যথাযথভাবে মানতে প্রকল্প বাস্তবায়নের নীতিমালায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতি প্রকল্প এলাকায় কাজ শুরুর আগেই সাইনবোর্ড টাঙিয়ে ওই প্রকল্পের আয়তন, বরাদ্দের পরিমাণ, কাজের বিবরণ, শ্রমিকের মজুরির হারসহ ১০টি বিষয়ে তথ্য বিস্তারিতভাবে থাকার কথা।

সাইনবোর্ডে প্রকল্প কমিটির চেয়ারম্যানের নাম-ঠিকানা, জেলা প্রশাসকের ফোন নম্বর ও প্রকল্প পরিচালকের ফোন নম্বর থাকার নিয়ম রয়েছে। যাতে জনগণ কোনো অভিযোগ সহজে কর্তৃপক্ষকে জানাতে পারেন। এ ছাড়া কোনো প্রকল্পে সঠিক সাইনবোর্ড প্রদর্শনে ব্যর্থতার কারণে ওই প্রকল্প বাতিল করে দেওয়ার কথাও নীতিমালায় রয়েছে।

চলতি অর্থবছরে শিবগঞ্জ উপজেলায় কাবিখা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নাধীন ৫১৩ মেট্রিক টন গম-চালের বিপরীতে ৪৮টি প্রকল্পে এবং কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক কোটি ৪৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ৩৯টি প্রকল্প নেওয়া হয়েছে।

বেশ কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে কোনোটিতেই সাইনবোর্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ কাবিখা ও ইজিপিপি কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

উপজেলার কেশরীপুর গ্রামের মিনহাজুর রহমান জানান, সাইনবোর্ড টাঙালে ঠিকঠাকমতো কাজ না করলে প্রকল্প বাস্তবায়নকারীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হবে। এ জন্যই হয়তো কেউ সাইনবোর্ড টাঙান না।

উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘সাইনবোর্ড টাঙানো না হয়ে থাকলে আমি এখনই তা টাঙানোর ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাইনবোর্ড বানানো রয়েছে। তবে প্রকল্পের সভাপতিরা সাইনবোর্ড নিয়ে গিয়ে লাগাতে চান না। তবে অচিরেই যাতে সাইনবোর্ড টাঙানো হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।