কাবিখার ৮৮ প্রকল্পে সাইনবোর্ড নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানানোর মাধ্যমে প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাঙানোর নির্দেশনা থাকলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৮৮টি প্রকল্পের কোনোটিতেই তা নেই। জানা গেছে, সাইনবোর্ড টাঙিয়েই কাবিখা প্রকল্পের কাজের সূচনা করার কথা। অথচ কোনো প্রকল্পেই সাইনবোর্ড টাঙানো হয়নি। প্রকল্পে বরাদ্দ, মাটির কাজের পরিমাণ, প্রকল্প সংশ্লিষ্টদের নাম প্রভৃতি তথ্য গোপন রাখার মাধ্যমে নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের অনুকূলে বরাদ্দের সিংহভাগ আত্মসাৎ করার উদ্দেশ্যেই প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাঙানো হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ২৩ ও ২৪ মার্চ পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ, ভোমরাদহ, পীরগঞ্জ, জাবরহাট, খনগাঁও, বৈরচুনা ও সেনগাঁও ইউনিয়নের ১১টি প্রকল্প এলাকায় ঘুরে কোথাও সাইনবোর্ড দেখা যায়নি। প্রকল্প এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কোনো প্রকল্পের সাইনবোর্ড দেখেননি। জনগাঁও গ্রামের রমেশ চন্দ্র রায় বলেন, ‘মাঝেমধ্যে মাটির কাজ করে আবার বন্ধ রাখেন। শ্রমিকেরাও কিছু বলেন না। কোনো কর্মকর্তাকেও দেখা গেল না, টিআর না কাবিখা নাকি কর্মসৃজনের কাজ হয়েছে তা জানা গেল না।’ পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে কাবিখার সাধারণ কর্মসূচির অধীনে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৪৩ দশমিক ৮৯ মেট্রিক টন খাদ্যশস্যের বরাদ্দ পাওয়া যায়। উপজেলা কাবিখা কমিটিতে এসব খাদ্যশস্যের বিপরীতে ৩৩টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্যের সরকারি মূল্য এক কোটি ১৬ লাখ টাকা।কাবিখা বিশেষ কর্মসূচির আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ৩৬৫ মেট্রিক টন খাদ্যশস্যের বরাদ্দ পাওয়া যায়। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ওই বরাদ্দের বিপরীতে পাঁচটি প্রকল্প গ্রহণ করেন। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত চালের সরকারি মূল্য এক কোটি ২৩ লাখ টাকা। পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও আশরাফ চৌধুরীর বাড়ি থেকে বীরগঞ্জ পাকা রাস্তা বস্তির নতুন রাস্তা নির্মাণের (প্রকল্প নম্বর বিশেষ-১৩) জন্য আট মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড নেই। প্রকল্পের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘জরুরি ভিত্তিতে মাটির কাজ করেছি, তাই সাইনবোর্ড টাঙাইনি, তা ছাড়া পিআইও অফিস থেকেও কেউ কিছু বলেননি।’ এক্তিয়ারপুর ইক্ষুকেন্দ্র থেকে নিয়ামতপুর পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের জন্য ১৩ মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি এবার নতুন মেম্বার হয়েছি, এসব কাজের কিছুই বুঝি না। আমি শুধু নামে প্রকল্পের চেয়ারম্যান, সবকিছু দেখাশোনা করছেন ইউপি চেয়ারম্যান। পিআইও অফিস থেকে সাইনবোর্ডের কথা বলেননি। চেয়ারম্যান সাহেবও কিছু বলেননি।’ পিআইও মো. জিয়াউর রহমান বলেন, প্রতিটি প্রকল্পের চেয়ারম্যানকেই সাইনবোর্ড টাঙানোর জন্য বলা হয়ে থাকে। তবে জনবল কম থাকায় প্রকল্পওয়ারি খোঁজ নেওয়া সম্ভব হয়নি।