অনিয়মের অভিযোগে বগুড়ার ধুনটে কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়েছে৷ অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) শ্রমিক দিয়ে কাজ করানোয় এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ একই সঙ্গে কাবিটা প্রকল্পে কাজ করায় ইজিপিপির ২৮ জন শ্রমিকের প্রায় পাঁচ হাজার টাকা মজুরি কর্তন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম বলেন, ইজিপিপির শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পে কাজ করানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে কাবিটা প্রকল্পের এক লাখ ১২ হাজার ৫০০ টাকা বাতিলের সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত বুধবার প্রতিবেদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ইজিপিপির ২৮ জন শ্রমিকের পাঁচ হাজার ছয় টাকা মজুরি কেটে রাখা হয়েছে৷
গত বৃহস্পতিবার বিকেলে ইউএনও হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত পাইনি৷ তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী কাবিটা প্রকল্পের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পিআইও কার্যালয় সূত্র জানায়, উপজেলার দিঘলকান্দি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য ২০১৩-১৪ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের কাবিটা প্রকল্পে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গত মে মাসে কাবিটা প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির ৩৭ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। একই সঙ্গে ওই এলাকায় রাস্তা মেরামতের জন্য ইজিপিপির কাজও হাতে নেওয়া হয়।
কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, প্রধান শিক্ষক এই টাকা দিয়ে মাটি ভরাটের কাজ না করে ১ জুন থেকে ইজিপিপির ২৮ জন শ্রমিক দিয়ে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ করান। এ ব্যাপারে তাঁরা পিআইও এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন৷ ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য পিআইওকে দায়িত্ব দেন৷
প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, কাবিটা প্রকল্পের ৩৭ হাজার ৫০০ টাকা দিয়ে মাটি ভরাটের কাজ করা হয়েছে। বাকি টাকা এখনো পাইনি৷ এ কারণে ইজিপিপির শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে।
ইজিপিপির সভাপতি ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান বলেন, ‘যে রাস্তায় ইজিপিপি প্রকল্পের কাজ চলছে, তার পাশে বৃষ্টির পানি জমেছে৷ শ্রমিকেরা বসে থাকতেন। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে শ্রমিকদের কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে। মাঠ ভরাটের জন্য সরকারি বরাদ্দ আছে, বিষয়টি আমার জানা ছিল না।’