কাবুলে তালেবান হামলায় দুই বাংলাদেশি নিহত
আফগানিস্তানে তালেবান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানী কাবুলের সেরেনা হোটেলে তালেবান অস্ত্রধারীরা এ হামলা চালায়। হামলায় নয়জন নিহত হন। এর মধ্যে দুজন বাংলাদেশি। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে জানা গেছে, নিহত বাংলাদেশিদের একজন ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের নাগরিক।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল শনিবার জানিয়েছেন, তাঁরা নিবিড়ভাবে এ বিষয়ে নজর রেখেছেন এবং নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছেন।
গত বৃহস্পতিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিলাসবহুল সেরেনা হোটেলে হামলা চালায় চার যুবক। হামলাকারীরা পিস্তলের গুলি ছোড়ে। গুলিতে নয়জন বেসামরিক ব্যক্তি নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে চারজনই বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি, একজন কানাডীয় ও একজন প্যারাগুয়ের নাগরিক। নিহত আফগান নাগরিকদের মধ্যে আছেন এএফপির প্রখ্যাত সাংবাদিক সরদার আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তান এবং অপর এক নারী।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারী যুবকেরা জুতার মধ্যে পিস্তল লুকিয়ে হোটেলে ঢোকে এবং শৌচাগারে লুকিয়ে থাকে। পরে তারা অতর্কিতে হামলা চালায়।
সেরেনা হোটেল কাবুলের সবচেয়ে নিরাপদ স্থান বলেই পরিচিত ছিল। সেখানে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। বিদেশি কূটনীতিক ও উন্নয়নকর্মীরা এ হোটেলে অবস্থান করেন। তালেবানের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক ই-মেইলে হামলার দায় শিকার করেছেন। ইউএনবি, ওয়াশিংটন পোস্ট।