কাবুলে নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি
আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসীদের গুলিতে নিহত নয়জনের মধ্যে কমপক্ষে দুজন বাংলাদেশের নাগরিক। বার্তা সংস্থা ইউএনবি আজ শনিবার নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাবুলের অভিজাত হোটেল সেরেনায় চার ব্যক্তি ঢুকে গুলি চালালে নয়জন নিহত হন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ বলেছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁরা নিহত ব্যক্তিদের পরিচয় জেনে এ ব্যাপারে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত সেরেনা হোটেল কমপ্লেক্সে চার ব্যক্তি ঢুকে পড়েন। পিস্তল হাতে তাঁরা হোটেলের যে অংশটি বিদেশি কর্মকর্তা, আফগানিস্তানের শীর্ষ ব্যক্তিত্ব ও উন্নয়নকর্মীদের জন্য সুনির্দিষ্ট করা আছে এমন জায়গায় এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে নয়জন নিহত হন।
ওই ঘটনায় প্যারাগুয়ের সাবেক একজন কূটনীতিক লুই মারিয়া দুয়ার্তে নিহত নিহত হওয়ার পর দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট শুক্রবার সকাল থেকে তাদের কর্মকর্তাদের প্রত্যাহার শুরু করে। আফগানিস্তানে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিলেন দুয়ার্তে।
এ ছাড়া বৃহস্পতিবারের বন্দুকযুদ্ধে বিখ্যাত আফগান সাংবাদিক সরদার আহমাদ তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানসহ নিহত হন। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন একজন কানাডীয় ও আরও একজন আফগান নারী।