বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।গতকাল মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা বলেছেন কমিটির সভাপতি মোশারফ হোসেন। তিনি বলেন, এবার হজযাত্রী পরিবহনে সমস্যা হবে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। তাই নাইজেরিয়ার কাবো এয়ারের একটি উড়োজাহাজ বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে যুক্ত করতে সভায় উপস্থিত বিমানমন্ত্রীকে আহ্বান জানানো হয়।সভায় বিমানমন্ত্রী জি এম কাদের বলেছেন, পুরোনো ওই উড়োজাহাজটিতে হজযাত্রী উঠিয়ে মানুষের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। মন্ত্রণালয় এ ব্যাপারে আপস করবে না। সভাশেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, কাবোর বিতর্কিত ওই উড়োজাহাজটি ২০ বছরের বেশি পুরোনো। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল আইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ ওই উড়োজাহাজকে ওড়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বিমানের হজ ফ্লাইটের প্রয়োজনে যত প্রয়োজন উড়োজাহাজ ভাড়া নিতে পারে। কিন্তু ওই বিশেষ একটি উড়োজাহাজের জন্য কেন এত তৎপরতা? সংসদীয় কমিটির সদস্য মাইনুদ্দীন খান বাদল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, হজযাত্রী পরিবহনে কোনো সমস্যা হলে আমরা কোনো দায় নেব না। এখান থেকে বেরিয়ে আমরা ফোনে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো।’কাবো এয়ারের ওই উড়োজাহাজটি গত বছর বিমানের কালো তালিকাভুক্তির প্রস্তাব উঠলেও পরে হজ ফ্লাইটের জন্য সেটি ভাড়া করা হয়। তখন হজের পর আরও ছয় মাস রাখা হয় সেটি। এরপর উড়োজাহাজটি আগামী হজ পর্যন্ত রাখার জন্য চাপ প্রয়োগ করে সংসদীয় কমিটি ও বিমান কর্তৃপক্ষ। কিন্তু মন্ত্রী সায় দেননি। এরপর এ নিয়ে সংসদীয় কমিটি, বিমানের চেয়ারম্যান ও মন্ত্রী পাল্টাপাল্টি বক্তব্য দেন সংবাদমাধ্যমে।