কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় দুজন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জের গোবিন্দপুর খোল্লাপাড়া এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মিলন মিয়া (৩০) ও কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে ট্রাকশ্রমিক মো. আরাফাত হোসেন (২০)।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানাধীন ভোলাব ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, সকাল নয়টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান মিলন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও কাভার্ড ভ্যান জব্দ করে।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, দিঘুয়া গ্রামের একটি ইটভাটা থেকে ট্রাকে ইট নিয়ে চালক ও কয়েকজন শ্রমিক রওনা দেন। কিছু দূর যাওয়ার পর টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বড়নগর বাসস্ট্যান্ডে ট্রাকটি হঠাৎ ঝাঁকুনি খায়। এতে ট্রাকের ওপর থাকা শ্রমিক আরাফাত নিচে পড়ে চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।