কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পোশাকশ্রমিক নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরে গতকাল শনিবার দুপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝখানে চাপা পড়ে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহত নারী শ্রমিকের নাম সালমা (২০)। আহত শ্রমিকের নাম রুহুল আমিন (১৮)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত সালমার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার সুতিয়াখালী গ্রামে। তিনি তাঁর স্বামীর সঙ্গে টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক সালমা ও রুহুল মধ্যাহ্নভোজের বিরতির সময় বাসায় যাচ্ছিলেন। তাঁরা পোস্টাল প্রিন্টিং প্রেসের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা একটি ট্রাক তাঁদের ভ্যানের সঙ্গে চাপা দেয়। এ সময় সালমা ঘটনাস্থলেই মারা যান। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।