কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭ শতাংশ বেশি মৃত্যুর ঘটনা ঘটছে: ইলিয়াস কাঞ্চন

দেশে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনা দিন দিন বাড়ছে। আর এসব দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর হারও। ওই দুই মাধ্যমের সড়ক দুর্ঘটনার কারণেই ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ২৭ শতাংশ বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বুধবার খুলনায় সড়ক নিরাপত্তাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সভাপতি ইলিয়াস কাঞ্চন। নগরের প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) মিলনায়তনে প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে নিসচার খুলনা জেলা শাখা।
নিসচার নেতারা মনে করেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে সচেতনতার অভাবে। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই যদি শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়, তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। আর এ কারণেই শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গাড়ি দুর্ঘটনায় যাত্রী মারা যায় ৪৯ শতাংশ। আর পথযাত্রী মারা যায় ৫১ শতাংশ। এ বছর পথচারী ও মোটরসাইকেল দুর্ঘটনা যেন কমানো যায় নিসচার পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইলিয়াস কাঞ্চন বলেন, নছিমন, করিমন, ইজিবাইক এগুলোর কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয় না। এখানে কিছু রাজনৈতিক ও ভোটের বিষয় আছে। প্রশাসন ইচ্ছা করলেও এসব যান বন্ধ করতে পারবে না। কিন্তু যাত্রী হিসেবে এসব পরিবহনে ওঠার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। চালক অপ্রাপ্তবয়স্ক হলে সে গাড়িতে না ওঠা। অতিরিক্ত যাত্রী হয়ে না ওঠা। দেশের ট্রাফিক আইন অনুযায়ী মোটরসাইকেল চালানোর সময় চালক ও পেছনে বসা যাত্রীকে অবশ্যই হেলমেট পরা।
নিসচার খুলনা জেলা শাখার উপদেষ্টা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগের উপপরিচালক মো. জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মেহেরুন নেছা, খুলনা পিটিআইয়ের তত্ত্বাবধায়ক স্বপন কুমার বিশ্বাস এবং নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল ও সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক দুর্ঘটনার প্রশিক্ষণ দেওয়ার মতো ভিন্নধর্মী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা যদি তাঁদের শিক্ষার্থীদের ভালো করে সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাতে পারেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ ব্যাপারে অনেক সচেতন হবে। আর এতে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক কমে আসবে।’