কাভার্ড ভ্যান কেড়ে নিল দুই যুবকের প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগে গতকাল বুধবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন সালাউদ্দিন ও রাসেল আকন।
গতকাল গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হান্নান নামের আরেক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।
হতাহত সবার বাড়ি যাত্রাবাড়ীর মীর হাজারিবাগ এলাকায়।
নিহত যুবকদের স্বজনেরা জানান, রাতে হান্নান, সালাউদ্দিন, রাসেল লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সালাউদ্দিন ও রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।