কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় গতকাল সোমবার মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় মো. আরিফ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।
আরিফ উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে উপজেলার আনারপুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আরিফের সহপাঠী নাহিদ জানায়, সকাল সোয়া নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী আরিফকে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কের ওপর পড়ে যায়। পরে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, আরিফের নিহত হওয়ার খবর পেয়ে চার শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় দিকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ক্ষুব্ধ শিক্ষার্থীরা শতাধিক যানবাহনও ভাঙচুর করে। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়।