কাভার্ড ভ্যান ছিনতাই, একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে চালককে মারধর করে গতকাল শনিবার একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্ত চক্র। পালানোর সময় চক্রের সদস্য সন্দেহে এক তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পরে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে প্লাস্টিকের দানা নিয়ে ফরাজী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যান শুক্রবার রাতে কালিয়াকৈরের ভান্নারা এলাকার রহমত কারখানায় আসে। ওই কারখানায় মালামাল নামিয়ে কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম সফিপুর বাজার এলাকায় যান। সকালে কাভার্ড ভ্যানটি সফিপুর বাজার এলাকায় সড়কের পাশে রেখে খাবার খেতে যান সাইফুল ইসলাম ও তাঁর সহযোগী রাজু মিয়া। খাওয়া শেষে কাভার্ড ভ্যান নিয়ে মহাসড়কের দোকানপার নামক জায়গায় পৌঁছানোমাত্র ১০-১২ জনের একদল ছিনতাইকারী তাঁদের থামায়। এ সময় ছিনতাইকারী চক্রের কয়েকজন চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে সফিপুর বাজারের ভূমি অফিসের পেছনে নিয়ে আটকে রাখে। চক্রের অন্য সদস্যরা রাজু মিয়াকে জিম্মি করে কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়। এদিকে সাইফুল চক্রের সদস্যদের কাছ থেকে কৌশলে পালিয়ে এসে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। এলাকাবাসী সফিপুর ভূমি অফিসের পেছনে গেলে ছিনতাইকারীরা দৌড় দেয়। এ সময় বাবু মিয়া নামের ওই তরুণকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাঁকে গণপিটুনি দিয়ে মৌচাক ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়।