কাভার্ড ভ্যান থেকে লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল বুধবার বিকেলে একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। গলায় ছিল গামছা পেঁচানো।লাশটি কাভার্ড ভ্যানের চালকের আসনে শোয়ানো অবস্থায় ছিল। নিহত চালকের নাম জাহিদুল ইসলাম (৩২)। দুর্বৃত্তরা চালককে হত্যা করে ৪৫ বেল তুলা লুট করে নিয়ে গেছে। পুলিশ নিতাইগঞ্জ এলাকা থেকে লুণ্ঠিত ২৪ বেল তুলা উদ্ধার করেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে কাভার্ড ভ্যানটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় গণবিদ্যা স্কুলের সামনে রাখা হয়। বুধবার লোকজন কাভার্ড ভ্যানের জানালা দিয়ে একটি লাশ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে। নিহত যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপড়ে ফেলা হয়েছে দুই চোখ। আমরা নিশ্চিত হয়েছি, নিহত যুবক কাভার্ড ভ্যানটির চালক, তার নাম জাহিদুল ইসলাম। সে চট্টগ্রাম থেকে তুলা নিয়ে গাজীপুরের মাওনা যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানটি ছিনতাই করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। চালককে শ্বাসরোধে হত্যা করে তারা।’