কাভার্ড ভ্যান পোড়ানো ও মাদক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
ফেনীতে এস এ পরিবহনের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যান পোড়ানের ঘটনায় পুলিশ বেলাল হোসেন নামের একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতির স্বাক্ষর জাল করে আসামি ছাড়ানোর চেষ্টার অভিযোগ ছাড়াও ডাকাতি, মাদক ব্যাবসাসহ ছয়টি মামলা রয়েছে। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য। পুলিশ জানায়, গত মঙ্গলবার ১৮ দলের হরতালের দিন ভোরে বেলাল হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহামঞ্চদ আলী বাজারের পাশে এস এ পরিবহনের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এস এ পরিবহনের পক্ষ থেকে একটি মামলা হয়। এ ছাড়া ফেনী আদালতে জিআই মামলার একজন আসামিকে ছাড়িয়ে নিতে বেলাল হাইকোর্টের এক বিচারপতির স্বাক্ষর জাল করেন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে ফেনীর বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় ডাকাতি ও মাদকদ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে।