কাভার্ড ভ্যান বিকল, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কে ভোলা সদর উপজেলার ঘরামিবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার গর্তে পড়ে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যায়। এতে সড়কটির ছয় কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।
একই সঙ্গে মহাসড়কটির ভোলা-লক্ষ্মীপুর নৌপথে গতকাল দুপুর ১২টায় ২০টি গাড়িসহ কনকচাঁপা নামের একটি ফেরি চরে আটকে গেছে। এর ফলে নৌপথটিতে আর মাত্র একটি ফেরি থাকায় দুই পাড়ে গাড়িচালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
বিকল হওয়া কাভার্ড ভ্যানটির চালক মো. টিটু বলেন, গতকাল ভোর চারটায় গর্তে পড়ে কাভার্ড ভ্যানটির এক্সেলেটর ভেঙে গেছে। তা মেরামত করতে আরও এক দিন লাগবে।
গতকাল বেলা একটায় সরেজমিনে দেখা যায়, ঘরামিবাড়ির সামনে মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট নামে কাঠবাহী একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে আছে। এ কারণে ভোলা সদর উপজেলার গুপ্তমুন্সি থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশে তিন শতাধিক যান আটকে আছে। ছোট ছোট গাড়ি বিকল্প সড়কে চলতে পারলেও বড় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক সড়কে আটকে আছে।
ভোলার ট্রাফিক পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলাম বলেন, বিকল ট্রাকটির দুই পাশ দিয়ে যে পথটুকু ছিল, সেটুকুও দেবে গেছে। ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় রাস্তাটি দেবে যায়। এখন রাস্তাটি দিয়ে একটি সাইকেলও যেতে-আসতে পারছে না।
সার্জেন্টসহ অন্তত ৩০ জন চালক বলেন, মহাসড়কটির পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত পুরো সড়ক গর্তে ভরা। এ কারণে এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এদিকে ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আলম হাওলাদার বলেন, ভোলা ও লক্ষ্মীপুর অংশে চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় আছে। এসব যান পার হতে চারটি ফেরি দরকার। ছিল তিনটি। জুলাইয়ের শুরুতে কিষানি নামের একটি ফেরি বিকল হলে সেটি সংস্কার করতে নারায়ণগঞ্জে পাঠানো হয়। সেটি এখনো আসেনি। গতকাল দুপুর ১২টায় কনকচাঁপা নামের একটি ফেরি লক্ষ্মীপুরে মেঘনা নদীর চরে কয়েকটি যানসহ আটকে গেছে। রাতে জোয়ার এলে হয়তো সেটি ছুটবে। এসব কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাট ফেরিঘাটে যানবাহন আটকে আছে।