ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার একটি কাভার্ড ভ্যান সড়কে খানাখন্দের কারণে বিকল হয়ে আটকে পড়ে। এতে ওই সড়কের প্রায় ১০ কিলোমিটার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এ কারণে ওই সড়কে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বাজার এলাকায় মূল সড়কের ওপর গতকাল শুক্রবার সকালে খানাখন্দের কারণে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪৯৩০) বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কটি ওয়ান ওয়ে করেও কোনো যানবাহন চলাচল করাতে না পারায় সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট গাজীপুর চৌরাস্তা থকে কালিয়াকৈরের মৌচাক পর্যন্ত দীর্ঘ হয়। এতে আটকা পড়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন রোজাদার বাসযাত্রীরা।আবাবিল পরিবহনের চালক সুলতান মিয়া জানান, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকার সড়কের কার্পেটিং উঠে গিয়ে প্রচুর খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই কোনো না কোন যানবাহন এখানে এসে বিকল হয়ে পড়ছে। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ যানজটের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকল হওয়া কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।