কাভার্ড ভ্যান-রিকশা সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার বাসিন্দা কল্যাণময় রায় গৌতম (৫০), তাঁর শ্যালিকার ছেলে গৌরব সাহা (৯)। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় কল্যাণময়ের শ্যালিকা সপু সাহা (৩০) আহত হয়েছেন। তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কল্যাণময় রায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গণগ্রামীণ বিমা মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

নিহত লোকজনের পরিবার, পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শ্যালিকা ও তাঁর ছেলেকে বাসে তুলে দিতে কল্যাণময় ব্যাটারিচালিত একটি রিকশায় করে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী রিকশাটি শহরের শাহ মোস্তফা সড়কের দারুল উলুম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। আহত অবস্থায় কল্যাণময়, সপু ও গৌররকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে কল্যাণময় ও গৌরবের মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুস ছালেক বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা হবে।