কাভার্ড ভ্যান-লেগুনার সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ শালনা এলাকায় আজ মঙ্গলবার সকালে ট্রাক ও লেগুনার সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত করাতে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন গাজীপুরের মনিপুরের দর্শনের স্ত্রী গীতা রানী (৪৫)। আর একই এলাকার ধনঞ্জয়ের আট মাসের শিশুকন্যা যূথী আক্তার। দুর্ঘটনায় হতাহত সবাই লেগুনার যাত্রী ও মনিপুর এলাকার অধিবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ শালনা এলাকায় চান্দনা চৌরাস্তা থেকে মনিপুরগামী লেগুনা ও বিপরীত দিকে থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গীতা রানী ও হাসপাতালে নেওয়ার পর শিশু যূথীর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নাওজোর মহাসড়ক পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।