কাভার্ড ভ্যানের চাপায় নিহত মোটরসাইকেল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় কাভার্ড ভ্যানের চাপায় লিটন সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লিটন উপজেলার মোচড়া গ্রামের হবিবর সরদারের ছেলে। তিনি লোহাগড়া বাজারে আপন জুয়েলার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করতেন।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের জয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মোটরসাইকেলের চালক স্বর্ণালংকার ব্যবসায়ী কালু পোদ্দার (৪০) আহত হন। তাঁকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, হালখাতার দাওয়াত দিতে ওই দুজন লোহাগড়া থেকে লাহুড়িয়ার দিকে যাচ্ছিলেন। জয়পুর মোড়ে হঠাৎ বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক দেখে মোটরসাইকেলটি থামান তাঁরা। তবে সড়কে শুকাতে দেওয়া গমের বিচালিতে মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এ সময় চালকের পেছনে বসা লিটন সরদার রাস্তায় ছিটকে পড়েন। কাভার্ড ভ্যানটি তাঁর বুকের ওপর উঠে যায়। গুরুতর অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা লিটনকে মৃত ঘোষণা করেন।