কাভার্ড ভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় গতকাল শুক্রবার রাতে কাভার্ড ভ্যানের চাপায় জান্নাতুল ফেরদৌস মৌ (২০) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। জান্নাতুল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা থেকে এক সহপাঠীসহ জান্নাতুল রিকশাযোগে মেরুল বাড্ডায় যাচ্ছিলেন। জান্নাতুল মেরুল বাড্ডার একটি হোস্টেলে থাকেন। উত্তর বাড্ডার পুরাতন পুলিশ ফাঁড়ি রোডে গেলে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান রিকশাকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই ছিটকে পড়ে যান। ওই সময় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন জান্নাতুল। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক। তবে তাঁর সহযোগী মাহবুব আলমকে থানায় নেওয়া হয়েছে।