কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল হক নিহত হয়েছেন।গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের হাটখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিলেন এএসআই আরিফুল হকসহ অন্য পুলিশ সদস্যরা। এ সময় ঢাকাগামী শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এএসআই আরিফকে চাপা দিয়ে রাস্তার পাশে সড়কে তিনটি দোকানের দেয়াল ভেঙে ওপরে উঠে যায়। এতে আরিফুল হক গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আরিফুল ফরিদপুর জেলার সদর থানার ভাঙ্গা গ্রামের জামান শেখের ছেলে।