কাভার্ড ভ্যানের চাপায় বিপণন কর্মকর্তা নিহত
গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় গতকাল বুধবার একটি কাভার্ড ভ্যানের চাপায় আরএফএল কোম্পানির আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক মো. ইলিয়াস কাঞ্চন (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মো. সাদ্দাম (৩০)। তাঁরা বিপণনের কাজ শেষে মোটরসাইকেলে করে প্রতিষ্ঠানের টঙ্গীর কার্যালয়ে ফিরছিলেন।
ইলিয়াস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোমকোট গ্রামের মো. আসাদের ছেলে।
পুলিশ ও আরএফএলের বিক্রয় প্রতিনিধি আল মাসুম জানান, গতকাল বেলা তিনটার দিকে ইলিয়াস সহকর্মী সাদ্দামকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ উপজেলা থেকে টঙ্গীর কার্যালয়ে ফিরছিলেন। টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুনে ক্যাথারসিস মেডিকেল সেন্টারের সামনে ঢাকাগামী আর আর কার্গো সার্ভিস কোম্পানির একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো ১১-১৫৫১) তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইলিয়াসের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাদ্দাম। আশপাশের লোকজন সাদ্দামকে ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করান এবং কাভার্ড ভ্যানসহ চালক রাসেল হোসেনকে আটক করেন। টঙ্গী মডেল থানার পুলিশ ইলিয়াসের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। রাসেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জালাল আহমেদ বলেন, সাদ্দামের মাথায় আঘাত লেগেছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানের চালক রাসেলকে আসামি করে নিহত ইলিয়াসের বোনের জামাই মামলা করেছেন।