কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষা কর্মকর্তাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজির চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তা হরণ দাস (৪৫) ও দক্ষিণ সুরমা টেকনিক্যাল কলেজের ছাত্র রুহুল আমিন। চিন্তা হরণ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) দেবাংশু পাল প্রথম আলোকে জানান, সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি সিলেটমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। তাঁরা অটোরিকশাটির যাত্রী ছিলেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। সিলেট-সুনামগঞ্জ সড়কটি প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।