কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে গত সোমবার কাভার্ড ভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হচ্ছেন দাউদকান্দির বাসরা গ্রামের আবুল কালামের ছেলে মামুন (১০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল গ্রামের আবদুল হাই (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার পাশ দিয়ে হাঁটছিল মামুন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে গেছে। এই ঘটনায় দাউদকান্দি হাইওয়ে থানায় মামলা হয়েছে। মামুন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সোমবার রাত নয়টার দিকে মামুনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া এলাকায় যমুনা নদী থেকে ট্রাক্টর নিয়ে আবদুল হাই বালু আনতে যান। দুপুর ১২টার দিকে ট্রাক্টরে বালু ভর্তি করে মেলান্দহ উপজেলায় আসার পথে মাহমুদপুর-ইসলামপুর সড়কের নোয়ারপাড়া এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। একে ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম যান, ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।