কাভার্ড ভ্যানের চালক থেকে পোশাক চোর চক্রের হোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেল্লালের পেশা শুরু হয়েছিল কাভার্ড ভ্যানের চালক হিসেবে। কাভার্ড ভ্যান চালাতে গিয়ে তৈরি পোশাক চুরিতে জড়িয়ে পড়েন তিনি। চোরাই পোশাক বিক্রির টাকা দিয়ে একটি কাভার্ড ভ্যান কেনেন। পরে চুরি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সক্রিয় একটি চক্র গড়ে তোলেন তিনি। গাজীপুরের একটি পোশাক কারখানার পণ্য চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া বেল্লালের সহযোগী আবদুল বাকের সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি এসব কথা জানান।গত ২১ জানুয়ারি এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও বেল্লাল পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বেল্লালের কাভার্ড ভ্যানের চালক আমীর হোসেন, সহযোগী আবদুল বাকের, লোকমান, সিরাজ ও চালকের সহকারী খোকন। তাঁদের বাড়ি নোয়াখালী ও ফেনী জেলায়। বেল্লালের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।বন্দর থানা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি গাজীপুরের কেএএস ফ্যাশন নামের একটি পোশাক কারখানা থেকে ৮৯১টি কার্টন চট্টগ্রাম বন্দরে আনার জন্য বেল্লালের কাভার্ড ভ্যান ভাড়া করা হয়। এসব কার্টনে ৪২ হাজার ৭৬৮টি পোশাক ছিল। ভ্যানটি গত ৮ জানুয়ারি চট্টগ্রাম পৌঁছালে রপ্তানিকারক প্রতিষ্ঠানের লোকজন বেশ কিছু কার্টনের মুখ খোলা দেখতে পান। পরে পোশাক কারখানা, সিঅ্যান্ডএফ এবং রপ্তানিকারকের লোকজন সেখানে এসে কার্টনে ৭২০০টি পোশাক কম পান। এ ঘটনায় ১৫ জানুয়ারি বন্দর থানায় মামলা করা হয়। ২১ জানুয়ারি পুলিশ চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে ৫৩৫০টি পোশাকসহ চারজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দর থানার উপপরিদর্শক মো. কাউসার উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে বাকের গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।জবানবন্দিতে বাকের বলেন, কাভার্ড ভ্যানটি যাত্রাবাড়ী আসার পর বেল্লাল, ইসলামসহ তিনজন সেটিতে ওঠেন। ভ্যানটি ফেনীর দাগনভূঞায় এলে তিনি, মীর সবুজ ও সোহাগ তাঁদের সঙ্গে মিলিত হন। বাকের আরও জানান, দীর্ঘদিন ধরে তাঁরা কাভার্ড ভ্যান থেকে মালামাল চুরি করছেন। ফেনীতে চুরি করা মালামাল রাখার জন্য একটি গুদামও তৈরি করা হয়। ওই গুদাম থেকে এসব মাল নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। চুরি থেকে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন বেল্লাল।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চারজন পেশাদার চোর চক্রের সদস্য। কেএএস ফ্যাশনের ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন বলেন, ‘প্রায়ই কাভার্ড ভ্যান থেকে পোশাক চুরির ঘটনা ঘটছে। এসব চুরি বন্ধ করতে না পারলে আমাদের পোশাকশিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।’