কাভার্ড ভ্যানের দখলে বাদামতলী সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাদামতলী সড়কে ফলবাহী কাভার্ড ভ্যানগুলো এভাবে দাঁড় করিয়ে রাখায় রাস্তাটি একরকম বন্ধই থাকে l ছবি: হাসান রাজা
পুরান ঢাকার বাদামতলী সড়কে ফলবাহী কাভার্ড ভ্যানগুলো এভাবে দাঁড় করিয়ে রাখায় রাস্তাটি একরকম বন্ধই থাকে l ছবি: হাসান রাজা

পুরান ঢাকার বাবুবাজার সেতু এলাকা থেকে সদরঘাট যাওয়ার প্রধান সড়ক দুটি। একটি ইসলামপুর, অপরটি বাদামতলী সড়ক৷ বাদামতলী সড়কে এলোমেলোভাবে ফলবাহী কাভার্ড ভ্যান রাখায় যান চলাচল বন্ধ৷ তাই ইসলামপুর সড়কে রিকশাজট লেগেই থাকছে৷ এ এলাকায় যাতায়াতের প্রধান যান রিকশা৷
বাদামতলী সড়কে যান চলাচল বন্ধ থাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে পথচারীরা চলাচল করছেন সড়ক দিয়ে। ঢাকায় আমদানি করা ফলের সবচেয়ে বড় আড়ত বাদামতলী।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, বাদামতলী সড়কে কাভার্ড ভ্যান রাখায় ইসলামপুর সড়কে দিনের অধিকাংশ সময় যানজট লেগে থাকে। দিনে বাদামতলী সড়কে যাত্রীবাহী যান চলাচল চালু হলে ইসলামপুর সড়কের যানজট কমে আসবে। এ ছাড়া সদরঘাট এলাকা থেকে বাসে করে সহজেই রাজধানীর গাবতলী ও আমিনবাজারে যাতায়াত করা যাবে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাবুবাজার সেতু এলাকা থেকে ওয়াইজঘাট পর্যন্ত বাদামতলী সড়কে এলোমেলোভাবে মালবাহী ৭০ থেকে ৮০টি কাভার্ড ভ্যান রাখা আছে৷ ফুটপাত দখল করে গড়ে উঠেছে ছোট ছোট টং দোকান। বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের। কিন্তু সড়কেও ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা।
বাদামতলীর ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাতে কাভার্ড ভ্যানে করে বাদামতলীতে ফল নিয়ে আসেন ব্যবসায়ীরা। মালামাল নামিয়ে রাতেই ভ্যানগুলো চলে যাওয়ার কথা। কিন্তু সময়মতো মালামাল খালাস না করায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বাদামতলীর বায়তুল আমান জামে মসজিদের সামনের সড়কে রাখা ছিল আটটি কাভার্ড ভ্যান। পীরে আজমীর কার্গো সার্ভিসের চালক মো. রায়হান বলেন, ‘চট্টগ্রাম থেকে ফল নিয়ে বাদামতলী আইছি। রাতে কার্গোর (কাভার্ড ভ্যান) সব মালামাল নামানো সম্ভব হয়নি। তাই সড়কে কার্গো রাখছি। মালামাল খালাস হলে চলে যাব।’
গাবতলী থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে বাসে করে বাবুবাজার এসেছেন ব্যবসায়ী আবদুল কাদের। তিনি বলেন, বাদামতলী সড়কে যান চলাচল চালু থাকলে প্রায় একই ভাড়ায় বাসে করে সদরঘাট যাওয়া যেত। অথচ এখন দ্বিগুণ ভাড়া দিয়ে রিকশায় করে সদরঘাটে যেতে হবে। তারপরও রয়েছে ইসলামপুর সড়কের যানজট।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, মালামাল আনা-নেওয়ার জন্য সারা দিনই কাভার্ড ভ্যান দরকার হয়। তাই রাজধানীর বাইরে পরিকল্পিতভাবে একটি ফলের আড়ত নির্মাণ করা দরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বাদামতলীতে দুই হাজারের বেশি ফলের দোকান রয়েছে। আর বুড়িগঙ্গা নদীর পাড়ে ওয়াইজঘাট থেকে বাদামতলী পর্যন্ত বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন রয়েছে আরও ২৯টি বড় দোকানঘর। এসব ঘরে রয়েছে একাধিক ফলের দোকান। তবে তা গত বছর উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। পরে আবার নদীর পাড়ে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। এসব দোকানের সামনের ফুটপাত দখল করে রেখেছেন তাঁরা।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক শহীদ উল্লাহ বলেন, নদীর পাড়ের এসব স্থাপনা (দোকান) উচ্ছেদ করে গাছ লাগানো হবে এবং মানুষের হাঁটার পথ তৈরি করার পরিকল্পনা আছে।