কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী নিহত

যশোরের শার্শা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
আনোয়ার হোসেনের বাড়ি শার্শা উপজেলার কামারবাড়ী গ্রামে। তিনি দৈনিক সংগ্রাম-এর শার্শা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বেনাপোল থেকে শার্শা উপজেলার কামারবাড়ী গ্রামে যাচ্ছিলেন। শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সেলিনা আক্তার মারা যান।
এসআই মামুনুর রহমান আরও বলেন, আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।